৯/১১ হামলা

স্মরণ অনুষ্ঠানে বাইডেনকে আসতে ‘না’

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০২:০০ এএম

যুক্তরাষ্ট্রের কাছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা সম্পর্কিত যেসব গোপন নথি আছে তা যদি উন্মুক্ত না করা হয় তাহলে স্মরণ অনুষ্ঠানগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেনকে আসতে না করেছে হামলায় হতাহতদের পরিবার।

ডেমোক্র্যাট এ প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে পরিবারগুলোর প্রায় এক হাজার ৮০০ সদস্য ৯/১১ হামলা সংক্রান্ত গোপন নথি দ্রুত প্রকাশে আহ্বানও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। গোপন নথিগুলোতে দুই দশক আগের হামলার ষড়যন্ত্রের সঙ্গে সৌদি আরবের কর্মকর্তারা যে জড়িত তা বেরিয়ে আসবে বলে সন্দেহ অনেকের।

৯/১১ হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ওই হামলা চালিয়েছিল, যার সূত্র ধরে পরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ অভিযানের সূচনা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ একাধিক মার্কিন স্থাপনায় চালানো সেদিনের হামলায় জড়িত বিমান ছিনতাইকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক।

হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের লেখা চিঠিতে স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও পেনিসিলভানিয়ার যে ৩টি স্থানে হামলা হয়েছে সেগুলো থেকেও দূরে থাকতে বাইডেনকে অনুরোধ করা হয়েছে। হতাহতদের পরিবারের সদস্যদের ধারণা, সৌদি কর্মকর্তারা ৯/১১ সম্বন্ধে আগে থেকেই অবগত ছিলেন, এবং হামলা ঠেকাতে তারা কিছুই করেননি। এজন্য সৌদি সরকারের বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন তারা। গত মাসে এ মামলায় বেশ ক’জন সৌদি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও ওই কথোপকথন গোপন রাখা হয়েছে। এতে আরও ক্ষেপেছে নিহত ও আহতদের পরিবারগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত