অক্সিজেন সিলিন্ডারের দাম দ্বিগুণ

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১০:৪৮ পিএম

নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ বাড়ছে। গতকাল রোববার একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে রোগীতে পরিপূর্ণ। এরমধ্যে হু হু করে বাড়ছে ক্লিনিক্যাল অক্সিজেন সিলিন্ডারের দাম। গত এক মাসে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। 

খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের ব্যবধানে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অক্সিজেন সিলিন্ডারের দাম দ্বিগুণ কোথায়ও তিনগুণ বেড়েছে। ফলে বিপাকে পড়েছেন করোনা  রোগীর স্বজনরা। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এ ছাড়া রয়েছে সিলিন্ডারের সংকট। ক্রেতারা বলছেন, ক্লিনিক্যাল অক্সিজেন সিলিন্ডার তারা দ্বিগুণ দামে কিনছেন। ব্যবসায়ীরা বলছেন, ‘আগের চেয়ে বেশি দামে কেনায় বাধ্য হয়ে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

চলতি বছরের এপ্রিল মাসে যে সিলিন্ডারের দাম ছিল সাত থেকে আট হাজার টাকা,  সেই একই সিলিন্ডারের দাম বর্তমানে ১৪ থেকে ১৮ হাজার টাকা। আর লিন্ডে বাংলাদেশের ফুল সেট সিলিন্ডারের দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ হাজার টাকা।

আগে সিলিন্ডারপ্রতি রিফিল করা যেত ২০০ টাকায়। এখন করতে হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। হোম ডেলিভারির জন্য দিতে হয় বাড়তি সার্ভিস চার্জ। একজন ক্রেতা যদি রিফিল করা সিলিন্ডার বাড়িতে বসে পেতে চান, তাহলে দূরত্বভেদে তাকে গুনতে হয় ৫০০ থেকে ৮০০ টাকা।

অক্সিজেন সিলিন্ডার বিক্রেতা জামান মিয়া বলেন, ‘বর্তমানে বাজারে অক্সিজেন সিলিন্ডারের সংকট রয়েছে। ক্রেতাদের চাহিদামতো আমরা সরবরাহ করতে পারছি না।  ‘প্রতিদিন শতাধিক ফোন রিসিভ করছি আমরা। কিন্তু সেই তুলনায় সিলিন্ডার সরবরাহ করতে পেরেছি স্বল্পসংখ্যক।’

শহরের সিরাজ-উদ-দৌলা রোডের অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিনডে’র একজন কর্মকর্তা বলেন, ‘১৪ হাজার লিটারের ২০ হাজার পিএসআই প্রেসারের সিলিন্ডারের প্যাকেজ আগে বিক্রি করতাম আট হাজার টাকায়। এখন বিক্রি করছি ১৪ হাজার টাকায়। কারণ এখন আমাদের কিনতে হচ্ছে ১২ হাজার টাকায়। আগে যেখানে প্রতিদিন চাহিদা ছিল পাঁচটি, এখন সেখানে চাহিদা বেড়ে হয়েছে ৫০টি।’

নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে করোনা রোগী নিয়ে আসা মুরাদ হোসেন জানান, অক্সিজেন সিলিন্ডারের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কীভাবে বাঁচবে মানুষ। জরুরি সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এ পণ্যটির দাম কয়েকগুণ বেড়ে গেছে।

ফ্রি অক্সিজেন সেবা চালুর জন্য ৪টি অক্সিজেন সিলিন্ডার কিনেছেন নারায়ণগঞ্জের মানবিক সাংবাদিকখ্যাত রোমান চৌধুরী সুমন। তিনি জানান, আমি গতকালই (শনিবার) ৪টি অক্সিজেন সিলিন্ডার কিনেছি। প্রতিটির মূল্য নিয়েছে ১৪ হাজার ৫০০ টাকা করে। বাজারে এর দাম আরও বেশি। আমাদের থেকে কিছু কম নিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ দেশ রূপান্তরকে বলেন, করোনার এই সময়ে রোগী যেমন বাড়ছে সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে। এটা অমানবিক। সিলিন্ডারের মূল্য নির্ধারণ করে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা উচিত।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার বলেন, অক্সিজেন সিলিন্ডারের দাম বৃদ্ধির কোনো অভিযোগ আমরা পাইনি। পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত