মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু বালু বোঝাই ট্রলারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার বিকেলে উজান থেকে বালু বোঝাই একটি ট্রলার ভাটির দিকে যাতায়াতের পথে সেতুর মাঝামাঝি একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে পিলারের নেভিগেশন গার্ড ভেঙে গেছে এবং সিমেন্টের প্রলেপ খসে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মহম্মদপুর উপজেলা প্রকৌশলী সাদ্দাম হুসাইন জানান, ‘ট্রলালের ধাক্কায় সেতুটির নেভিগেশন গার্ড ফাউন্ডেশন থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো অংশটা ভেঙে সেতুর পিলারের সঙ্গে লেগে গেছে। এখন গোড়া থেকেই মেরামত করতে হবে। এটি সময় সাপেক্ষ ব্যাপার।’
মহম্মদপুর থানার ওসি নাসির হোসেন জানান, ধাক্কা দেওয়া ট্রলারটি আটকের চেষ্টা চলছে। আটকের পর জানা যাবে ঘটনাটি ইচ্ছাকৃত না দুর্ঘটনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। অধিকতর তদন্তের মাধ্যমে দেখা হচ্ছে ঘটনাটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা।’
