আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে ব্যাংক। অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। ব্যাংকের সব কর্মীকে আগের মতো কর্মস্থলে উপস্থিত থেকে কাজ করতে হবে। খোলা থাকবে সব শাখা ও অফিস। সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলাচলের বিধিনিষেধ তুলে নেওয়ায় গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়, করোনার কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, বুধবার থেকে তার কোনোটাই কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার কারণে এতদিন ব্যাংকসেবা সীমিত আকারে চালু রাখে বাংলাদেশ ব্যাংক। গত ৫ এপ্রিল থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করলে কয়েক দফায় ব্যাংকের লেনদেনের সময়সীমা পরিবর্তন করা হয়। গত তিন সপ্তাহ ধরে সপ্তাহে তিন দিন ব্যাংক খোলা রাখা হয়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ রাখা হয়। তবে সরকার করোনার বিধিনিষেধ তুলে নেওয়ায় এই বুধবার থেকে ব্যাংক পুরোপুরিভাবে আগের নিয়মে অর্থাৎ স্বাভাবিক লেনদেনে ফিরছে।
