সকল সংস্থাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘কারও সাথে সংঘর্ষ নয়; সকলের সাথে সমন্বয় করে এগিয়ে যাব।’
গতকাল সোমবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা মহানগর সমন্বিত মহাপরিকল্পনা (২০২০-২০৫০) প্রণয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় ও কর্মশালায় মেয়র শেখ তাপস এ কথা বলেন। মেয়র শেখ তাপস বলেন, ‘এরই মাঝে বিভিন্ন সংস্থা বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ, ওয়াসা, বিটিসিএলসহ অন্যান্য সংস্থা যে সকল পরিকল্পনা নিয়েছে সেগুলোকে সমন্বয় করে আমরা এগিয়ে যেতে চাই। একটি উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণে সকলে সমন্বিতভাবে এগিয়ে যেতে চাই।
