বন্ধু যখন শত্রু এমন কথা তো শুনেছেন। লিওনেল মেসির বেলায় কথাটা হতে যাচ্ছে ‘শত্রু যখন গুরু’! কীভাবে? একটু খুলে বলা যাক। মেসি বার্সেলোনার হয়ে আনুষ্ঠানিক প্রথম ম্যাচ খেলেছিলেন ২০০৪ সালের ১৬ অক্টোবর। সেদিন লা লিগায় এস্পানিওলের বিপক্ষে খেলতে নামেন মেসি। সেই ম্যাচে এস্পানিওলের ডিফেন্ডার হিসেবে খেলছিলেন মাউরিসিও পচেত্তিনো। হ্যাঁ, সেই পচেত্তিনো যিনি এখন পিএসজির কোচ।
সেদিন এস্পানিওলের মাঠে পর্তুগালের ডেকোর গোলে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছিল এস্পানিওলকে। ডেকোর বদলি হিসেবেই ম্যাচের ৮২ মিনিটের সময় মাঠে নেমেছিলেন ১৭ বছর বয়সী মেসি। সে সময় এস্পানিওলের নিয়মিত একাদশে খেলেন সেন্টার ব্যাক পচেত্তিনো। সেদিন পুরো ম্যাচ খেলেছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। ফলে মেসি অভিষেকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন স্বদেশি পচেত্তিনোকে। বর্তমানে মেসির বয়স ৩৪, পচেত্তিনোর ৪৯। ১৭ বছর আগের প্রতিপক্ষ পচেত্তিনোর অধীনেই পিএসজিতে খেলবেন এখন মেসি।
১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলেছিলেন পচেত্তিনো। জাতীয় দলে তাই পচেত্তিনো-মেসি এক সঙ্গে খেলার সুযোগ হয়নি। কারণ মেসি আর্জেন্টিনা দলের হয়ে খেলা শুরু করেন ২০০৫ সালে। দুজনই যুব ক্যারিয়ারে খেলেছেন আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে। পচেত্তিনো পিএসজিতে খেলোয়াড় হিসেবেও ছিলেন। ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত। গুরু-শিষ্যের একই ক্লাবে খেলার রেকর্ড হয়ে যাবে মেসি চুক্তিবদ্ধ হলেই।
