মহাকাশের কক্ষপথে বিজ্ঞাপনের বিলবোর্ড

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০২:০৯ এএম

বিশ্বের বিভিন্ন শহর বিজ্ঞাপনের বিলবোর্ডের দখলে। বলা চলে শহরগুলো ঢেকে যাচ্ছে বিলবোর্ডে। একাধিক ব্র্যান্ডের আত্মপ্রকাশের ফলে জায়গা সংকটও দেখা দিয়েছে। ফলে অনেকেই ভার্চুয়াল বিলবোর্ডে ঝুঁকছে। কিন্তু যদি বিজ্ঞাপনী বিলবোর্ড মহাকাশের কক্ষপথে দেখা যায়, কেমন হবে? মহাকাশচারী ও ধনকুবেরদের পর এবার মহাকাশের কক্ষপথে জায়গা দখল করতে যাচ্ছে বিজ্ঞাপনী বিলবোর্ড। শিগগিরই ক্রিপ্টোকারেন্সি দিয়ে এই বিলবোর্ড কেনা যাবে।

কানাডার গবেষণা প্রতিষ্ঠান জিওমেট্রিক এনার্জি করপোরেশনের (জিইসি) সঙ্গে যৌথভাবে একটি স্যাটেলাইট নির্মাণ করছে এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। কিউবস্যাট নামের এমন স্যাটেলাইট মহাকাশ গবেষণায় এতদিন ব্যবহার হয়েছে। এই স্যাটেলাইটের এক পাশে পিক্সেলেটেড স্ক্রিন থাকবে। যেখানে বিজ্ঞাপন, লোগো ও শিল্প প্রদর্শন করা হবে।

স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে কক্ষপথে যাবে কিউবস্যাট। চাঁদে পৌঁছার আগে কক্ষপথে স্যাটেলাইটটিকে রেখে যাবে ফ্যালকন-৯। কক্ষপথে পৌঁছার পর কিউবস্যাটে সংযুক্ত সেলফি স্টিক পুরো ডিসপ্লে স্ক্রিন রেকর্ড করবে। এই ফুটেজ ইউটিউব বা টুইটে সরাসরি প্রচারিত হবে। ২০২২ সালের শুরুতে উৎক্ষেপণের জন্য কিউবস্যাটের সূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে পানীয় কোম্পানি পেপসি এমন একটি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল। যদিও পরে ওই পরিকল্পনা থেকে কোম্পানিটি সরে আসে। তখন পেপসির এমন সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছিল পরিবেশবাদী সংগঠনগুলো। সূত্র : এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত