‘শ্মশানের’ মাটি সরানো হলো কবরস্থান থেকে

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০২:১০ এএম

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে সিটি কবরস্থানে ফেলা শ্মশানের মাটি সরানো হয়েছে। গত সোমবার রাতেই স্থানীয়দের সহযোগিতায় সিটি করপোরেশনের ঠিকাদার মো. মামুনের লোকজন মাটি অপসারণ করেন। ওইদিন সংসদ সদস্য শামীম ওসমান মাটি সরাতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে শামীম ওসমান স্বজনদের কবর পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘যারা এ খেলা খেলছেন কিংবা খেলাচ্ছেন তাদের বলি মৃত্যুকে ভয় পান। যেতে হবে সবাইকে, আপনি যে ধর্মের হোন না কেন।’

এদিকে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী কবরস্থানে শ্মশানের মাটি ফেলার বিষয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘সংসদ সদস্য শামীম ওসমানের স্বজনদের কবরে শ্মশানের মাটি ফেলা হয়নি। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর অপেক্ষাকৃত নিচু। সেখানে পানি জমে থাকার আশঙ্কা করে তার স্ত্রী পারভীন ওসমান তাদের পারিবারিক আত্মীয় জনৈক নাসিরকে মাটি ফেলার জন্য পাঠান। নাসির বাইরে থেকে মাটি এনে শামীম ওসমানের ভাইসহ স্বজনদের কবর ভরাট করেন। এ কাজে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক নিযুক্ত কেয়ারটেকার সামসুদ্দিন সহযোগিতা করেছে মাত্র। নাসির যে মাটি দিয়ে কবরস্থান ভরাট করেছে সে মাটির রং সাদা। কিন্তু শ্মশানের পুকুরের মাটির রং লাল।’

গত সোমবার এমপি শামীম ওসমান কবরস্থান জিয়ারতে গিয়ে স্বজনদের কবর মাটি দিয়ে ঢেকে দেওয়া দেখে জিজ্ঞাসা করলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মামুন, সিটি জামে মসজিদের ইমাম মাওলানা বদর শাহ ও কবরস্থানের দায়িত্বে থাকা মুয়াজ্জিন জাকারিয়া জানান, এগুলো শ্মশানের পুকুর থেকে তোলা মাটি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তারা স্বীকার করেন, এ মাটি শ্মশানের পুকুর থেকে তুলে কবরস্থানে রাখার পর সেখান থেকেই বিভিন্ন কবরে ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু এমপি শামীম ওসমানের স্বজন নয়, আশপাশের মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিকসহ আরও প্রায় অর্ধশতাধিক কবরে এ মাটি ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত