পাকিস্তানে আট বছরের এক শিশুকে ধর্ম অবমাননার অভিযোগে ব্লাসফেমি আইনের মামলায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল। এটি দেশটিতে ধর্ম অবমাননায় সবচেয়ে কম বয়সীর বিরুদ্ধে মামলার ঘটনা বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। শিশুটি হিন্দু সম্প্রদায়ের।
শিশুটির বিরুদ্ধে অভিযোগ, গত মাসে সে ইচ্ছাকৃতভাবে স্থানীয় একটি মাদ্রাসার কার্পেটে মূত্রত্যাগ করেছে। পাকিস্তানের আইন অনুসারে ইসলাম ধর্ম অবমাননার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এদিকে শিশুটির পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই পাঞ্জাবের রক্ষণশীল রহিম ইয়ার খান এলাকায় আত্মগোপনে রয়েছে।
গত সপ্তায় শিশুটি পুলিশ হেফাজত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর একদল লোক স্থানীয় হিন্দু মন্দিরে হামলা চালায়। সহিংসতা থামাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। শনিবার মন্দিরে হামলার ঘটনার সঙ্গে জড়িত ২০ জনকে আটক করে পুলিশ।
অজ্ঞাত অবস্থান থেকে ছেলেটির পরিবারের এক সদস্য জানান, ধর্ম অবমাননার বিষয় সম্পর্কে শিশুটি কিছু জানেই না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সে এখনো জানেই না কোনটা ভুল আর সঠিক এবং কেন তাকে এক সপ্তাহ ধরে কারাগারে রাখা রয়েছে?
