অপেক্ষায় ১০ লাখ নিবন্ধনকারী

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:০৫ এএম

চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৪টি উপজেলার প্রায় ১০ লাখ নিবন্ধনকারী করোনার টিকা নেওয়ার অপেক্ষায় রয়েছেন। নিবন্ধনকারীদের মধ্যে অনেকে এক মাসের বেশি সময় ধরে টিকা নেওয়ার এসএমএস না আসায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তবে জেলা সিভিল সার্জন বলছেন, আবেদনকারীর সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় এ সমস্যা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে।

কাওসার আহমেদ নামে এক নিবন্ধনকারী বলেন, ‘সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আমার বড় বোনের জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহে আবেদন করেছি। কিন্তু এত দিনেও এসএমএস আসেনি। কী একটা অবস্থা। কয়েক দিন আগে টিকার কার্ড নিয়ে চট্টগ্রাম মেডিকেলে গিয়েছিলাম। সেখান থেকে বলেছে, এসএমএস ছাড়া টিকা দেওয়া যাবে না। এখন আদৌ মেসেজ আসবে কি না, সেটা নিয়ে সংশয়ে আছি।’

নগরী ও জেলায় এরূপ আরও অনেকে এসএমএসের অপেক্ষায় আছেন জানিয়ে সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান বাবুল দেশ রূপান্তরকে বলেন, ‘সত্যি কথা বলতে কি, বর্তমানে করোনা নিয়ে সবাই আতঙ্কে আছেন। তাই সবারই উচিত টিকা নেওয়া। কিন্তু অনেকে নিবন্ধন করলেও মাস পার হলেও এসএমএস আসছে না।

এতে অনেকে ক্ষুব্ধ ও হতাশায় আছেন। যারা এই নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের উচিত বিষয়টি আন্তরিকভাবে নেওয়া। কেননা, দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে সরকার তো বেশ আন্তরিকভাবে কাজ করছে। তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দেশ রূপান্তরকে বলেন, মহামারী করোনা থেকে মুক্তি পেতে সবাইকে টিকার আওতায় আনতে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সবাই ধাপে ধাপে টিকা পাবেন। তবে একটু ধৈর্য ধরতে হবে। হঠাৎ নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে গেছে। সর্বশেষ গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, টিকার জন্য চট্টগ্রামে মোট ২৩ লাখ ৯০ হাজার ৭৫৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজসহ প্রায় ১৪ লক্ষাধিক নিবন্ধনকারীকে টিকা দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে।

সিভিল সার্জন আরও বলেন, নিবন্ধনকারীদের দেওয়ার জন্য সিনোফার্মের ভ্যাকসিন প্রায় ৫০ হাজার, অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। বর্তমানে সিটি করপোরেশনের কাছে মডার্নার প্রায় ১০ হাজার ডোজ টিকা মজুদ রয়েছে। তবে আজকের (গতকাল) পর থেকে চট্টগ্রামে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হলেও টিকা প্রাপ্তি সাপেক্ষে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমাদের কাছে পর্যায়ক্রমে টিকার চালান আসছে। সবাই স্বাস্থ্যবিধি মানুন। আর টিকার জন্য নিবন্ধন করুন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামের মোট ২৩ লাখ ৯০ হাজার ৭৫৪ জন নিবন্ধনকারীর মধ্যে গত দুদিনেই নিবন্ধন করেছেন ৩ লাখের বেশি নিবন্ধনকারী। এর মধ্যে গত মঙ্গলবার নিবন্ধন করেছেন ২ লাখ ৯ হাজার ৫০৩ জন, সোমবার ১ লাখ ৯৩ হাজার ৯৮১ জন।

মোট ২৩ লাখ ৯০ হাজার ৭৫৪ জন নিবন্ধনকারীর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১০ লাখ ৫০ হাজার ২০ জন। বাকি ১৩ লাখ ৪০ হাজার ৭৩৪ জন জেলার ১৪টি উপজেলার নিবন্ধনকারী। এর মধ্যে লোহাগাড়া উপজেলায় নিবন্ধনকারী ৫৬ হাজার ৩৪, রাঙ্গুনিয়া উপজেলায় ৭৯ হাজার ৩৮৬, ফটিকছড়ি উপজেলায় ১ লাখ ৪১ হাজার ২৬৮, বাঁশখালী উপজেলায় ৬৯ হাজার ৬৮০, আনোয়ারায় ৬৫ হাজার ৯৯৭, সীতাকু- উপজেলায় ১ লাখ ৪৮ হাজার ৪১১, সাতকানিয়া উপজেলায় ৯৭ হাজার ৩৬৮, রাউজান উপজেলায় ১ লাখ ১০ হাজার ৪৭৪, মিরসরাই উপজেলার ১ লাখ ২ হাজার ২৯৮, চন্দনাইশ উপজেলায় ৭২ হাজার ১৭৭, বোয়ালখালী উপজেলায় ৭৪ হাজার ৭৬০, হাটহাজারী উপজেলায় ৯৯ হাজার ৭০৯, সন্দ্বীপ উপজেলায় ৭০ হাজার ৯৭৭, পটিয়া উপজেলায় ১ লাখ ৪৩ হাজার ২৯৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত