রেড ভলেন্টেয়ার্স-রাজু ব্রিগেড

অক্সিজেন নিয়ে ছুটছেন তারা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:০৫ এএম

খাবার খেয়ে বিশ্রামে কর্মীরা, রাত তখন ১১টা। হটলাইনে কল, রিসিভ করতেই কান্নারত নারীর আকুতি, ‘আমার ভাইয়ের করোনা, খুব শ্বাসকষ্ট। অক্সিজেন লেভেল ৮০ থেকে ৯০-এ ওঠানামা করছে। আপনারা যদি অক্সিজেন নিয়ে আসতেন!’

কথা বলা শেষ হতেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে পল্লবীর বাউনিয়ায় মো. কামালের বাড়ির উদ্দেশে ছুটলেন। অক্সিজেন দেওয়ার পর কামাল অনেকটাই সুস্থ। স্বাভাবিক লেভেলে এসেছে অক্সিজেন। পরিবারের সদস্যদের চোখেমুখে স্বস্তি।

করোনা মহামারীতে এভাবেই নিরলস সেবা দিয়ে যাচ্ছেন ‘রেড ভলেন্টেয়ার্স’ ও ‘রাজু ব্রিগেড’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। রেড ভলেন্টেয়ার্সের দায়িত্বে থাকা শরীফ উল আনোয়ার সজ্জন বলেন, পরীক্ষায় গত ৩ আগস্ট মো. কামালের করোনা ধরা পড়ে। বাসায় থেকে চিকিৎসা নেওয়ার একপর্যায়ে অক্সিজেন সেচুরেশন কমতে থাকে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেও পাননি। শেষমেশ আমাদের হটলাইনে কল দিলে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। কামাল এখন অনেকটা সুস্থ।

অক্সিজেন ব্যাংকের হটলাইনে কল এলেই রাত-বিরাতে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সংগঠনের কর্মীরা অক্সিজেন পৌঁছে দিচ্ছেন। সঠিক সময়ে অক্সিজেন পাওয়ায় বেঁচে যাচ্ছে প্রাণ। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর অনুভূতি অন্যরকম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংগঠনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান সজ্জন।

রেড ভলেন্টেয়ার্সের পাশাপাশি করোনা রোগীদের অক্সিজেন সেবা দিচ্ছে ছাত্র ইউনিয়নের শহীদ মঈন হোসেন রাজু ব্রিগেড। সংগঠনের নেতাকর্মীরা জানান, গত বছর করোনা মহামারীতে হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিলে নিজেরা তৈরি করে বিনামূল্যে ঝুঁকিপূর্ণ পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিলি করেন। বিভিন্ন হাসপাতালেও এগুলো সরবরাহ করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ২৪ জুলাই অক্সিজেন ব্যাংক চালু করেন তারা। রাজু ব্রিগেড নামে একদল স্বেচ্ছাসেবী এখানে কাজ করেন। গড়ে দিনে তিন-চারজন করোনা রোগীর বাসায় অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে। এভাবে শতাধিক রোগীর পাশে দাঁড়িয়েছে রাজু ব্রিগেড। এ কার্যক্রমে পাশাপাশি বিভিন্ন জেলায় মাস্ক বিতরণ, খাদ্য সহায়তা, টিকা নিবন্ধনসহ নিম্ন আয়ের মানুষকে অর্থ সহায়তা দিচ্ছে সংগঠনটি।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, গত ২৪ জুলাই শহীদ রাজু ব্রিগেড নামে করোনা রেসপন্স টিম করেছি। এর মাধ্যমে জরুরি অক্সিজেন, চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ, কাউন্সেলিং, টিকা নিবন্ধন, অ্যাম্বুলেন্স ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।’

সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ও রেড ভলেন্টেয়ার্সের সমন্বয়ক ডা. সাজেদুল হক রুবেল বলেন, ‘করোনা মহামারীর শুরু থেকে আমরা বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। গত বছর আমরা কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। সংগঠনের ছাত্র-যুবকদের উদ্যোগে ছয় হাজার পরিবারকে এক সপ্তাহের প্যাকেজ খাদ্য দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রেড ভলেন্টেয়ার্স অক্সিজেন ব্যাংক চালু করে সেবা দিচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত