জাতীয় বিশ্ববিদ্যালয়

ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:০৬ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীরা জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষা ২০২১ সম্পন্ন হয়।  গত ২০ জুলাই এর ফল প্রকাশিত হয়। ওই ফলে ৭২ শতাংশ কৃতকার্য এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলাফলে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে এবং অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়। অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষের দশটি কোর্সের মধ্যে নয়টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা খুব ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও গণহারে একই বিষয়ে অনেকে অকৃতকার্য হয়েছে। যেটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।

তারা আরও বলেন, আমাদের অনেকের বাবা দিনমজুর, কৃষক। তাছাড়া কভিড-১৯ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। আমাদের চার বছরের কোর্স আট বছরে গিয়ে শেষ হলে আমরা চাকরিজীবনে প্রবেশ করতে অনেক সমস্যার সম্মুখীন হব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত