টিএইচওর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:০৮ এএম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ডা. মহীউদ্দিন আহমেদের বিরুদ্ধে দেড় লাখ টাকার বিনিময়ে ভুয়া নিয়োগপত্র, যৌন নির্যাতন ও আপত্তিকর প্রস্তাব দেওয়ার লিখিত অভিযোগ করেছেন হাসপাতালে কর্মরত এক নারী বাবুর্চি। ৮ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর এই লিখিত অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন বলেন, ‘কে বা কার প্ররোচনায় তারা এটা করেছে, জানি না।’

অভিযোগে জানা গেছে, ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. মহীউদ্দিন হাসপাতালের বাবুর্চি ওই নারী ও তার ভাগনিকে তার (টিএইচও) কোয়ার্টারে ডেকে নেন। পরে ওই বাবুর্চি ও তার ভাগনি স্বাস্থ্য কর্মকর্তার কোয়ার্টারে গেলে তাদের দুজনকেই আপত্তিকর প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বাবুর্চির শ্লীলতাহানির চেষ্টা করেন ওই টিএইচও। এ সময় যৌন নির্যাতন করতে না পেরে মারধর করেন বাবুর্চিকে।  ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি বলেন, হাসপাতালের টিএইচও আমাকে ও আমার ভাগনিকে অনৈতিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি যৌন হয়রানির চেষ্টা করেছেন। এ ঘটনার দিন তার (টিএইচও) কোয়ার্টারের রুমে ফাঁসি নিতে গেলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান বলেন, ‘ভূঞাপুর হাসপাতালের বাবুর্চির লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত