বিয়ের ফুল আনতে গিয়ে প্রাণ গেল ৩ তরুণের

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৫:০৩ এএম

যশোরের ঝিকরগাছায় আত্মীয়ের বিয়ের জন্য ফুল আনতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলচালক ও আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর শহরের শংকরপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে জীবন (২০), মনিরামপুরের নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন (২০) ও একই গ্রামের মো. হাসানের ছেলে তৌহিদ (১৯)।

নিহত তৌহিদের স্বজনরা জানান, দুর্ঘটনায় নিহত তিনজনই পরস্পরের আত্মীয় ছিল। আগামী শুক্রবার শংকরপুরে নয়নের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে যশোর থেকে মোটরসাইকেলে করে ঝিকরগাছার গদখালীতে ফুল আনতে যাচ্ছিল তারা। পথে বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছলে যশোরগামী একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জীবন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদ ও নয়নের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানার ওসি আসাদ উজ জামান জানান, ঘটনাস্থলে একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ।

এছাড়া গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশের এক এএসআই, সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক কলেজছাত্র, চাঁদপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তি, লক্ষ্মীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক ও কুষ্টিয়ায় হার্ভেস্টারের নিচে চাপা পড়ে এক কিশোর নিহত হয়েছেন। বিস্তারিত ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :

চট্টগ্রাম : নগরীতে ট্রাকের ধাক্কায় মো. মাসুদুর রহমান (৫০) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে নগরীর ২ নম্বর গেটের মেয়র গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুদুর রহমান চট্টগ্রাম নবম এপিবিএনে কর্মরত ছিলেন এবং নওগাঁর মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মাসুদুর রহমানকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ : উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় দীপঙ্কর কুমার দ্বীপ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে গোজা ব্রিজ এলাকায় হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দীপঙ্কর সলঙ্গা থানাধীন ভরমোহনী গ্রামের কেষ্ট কুমারের ছেলে ও সলঙ্গা ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চাঁদপুর : ফরিদগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহেল মিজি নামে সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মো. আবদুল কাদের মাস্টারের ছেলে। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফরিদগঞ্জ থানার ওসি মো. শহীদ হোসেন জানান, যাত্রীবাহী বাসটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর : সদর উপজেলায় বাসচাপায় জহির উদ্দিন (৩৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের চন্দ্রগঞ্জ চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জহির লক্ষ্মীপুর পল্লীবদ্যুতের চন্দ্রগঞ্জ শাখার কর্মচারী ও চন্দ্রগঞ্জ থানার হরিহরচন্দ্র গ্রামের প্রয়াত আবিদ মিয়ার ছেলে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি জোবাইরুল হক জানান, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় জহিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

কুষ্টিয়া : মিরপুরে হার্ভেস্টারের (ধান কাটার যন্ত্র) নিচে চাপা পড়ে মোমিন হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী মাঠপাড়া এলাকার মাঠে এ দুর্ঘটনা ঘটে। মোমিন একই এলাকার মোলাম হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় হার্ভেস্টারের পেছন থেকে ধান কুড়াচ্ছিল মোমিন। পরে হঠাৎ করেই এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাজধানী : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে মোহাম্মদপুরে ও গতকাল বুধবার সকাল ৮টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে এই পৃথক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, এ টি এম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২) ও গোলাম রব্বানী (৩০)। 

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের থানাধীন গণভবনের সামনে লরির ধাক্কায় জুয়েল ও খিলগাঁও ফ্লাইওভার সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক রব্বানী নিহত হন। 

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের ছেলে জুয়েল। থাকতেন মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে। নির্মাণাধীন ভবনে ঠিকাদারি করতেন তিনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে গণভবন সংলগ্ন ক্রসিংয়ের বিপরীত পাশে একটি লরি তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক লরিটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। পরিবারের আবেদনে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত রব্বানী বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে পিয়ন হিসেবে চাকরি করতেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাঁঠালিয়া গ্রামের সামসু সরদারের ছেলে গোলাম রব্বানী। এক ছেলেসহ পরিবার নিয়ে শনির আখড়া জাপানি বাজার এলাকায় থাকতেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া নূর মোহাম্মদ জানান, তারা শনির আখড়ায় পাশাপাশি বাসায় থাকেন। প্রতিদিনের মতো নূর হোসেনের মোটরসাইকেলে রব্বানীকে পেছনে বসিয়ে গুলশান যাচ্ছিলেন তারা। পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন গোলাম রব্বানী। আর বাম হাতে সামান্য আঘাত পায় নুর। পরে তিনি নিজেই রব্বানীকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান, সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত