রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে বাড়িতে গিয়ে টিকা দেওয়ার ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাঁসদাককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার তাকে এ নোটিস দেন।
এ বিষয়ে ডা. বার্নাবাস হাঁসদাকের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
জেলা সিভিল সার্জন বলেন, ‘টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য জানতে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে নোটিসের জবাব দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘উপজেলা চেয়ারম্যানকে প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই। স্বাস্থ্য কর্মকর্তার জবাবের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত মঙ্গলবার দুপুরে কেন্দ্রে না গিয়ে নিজ বাড়িতে বসে টিকার দ্বিতীয় ডোজ নেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। পরে তিনি বলেন, ‘টিএইচও কয়েক দিন ধরে আমাকে বলছেন, টিকা এসেছে, না নিলে পরে পাওয়া অসম্ভব হতে পারে। দাপ্তরিক কাজে ঢাকা যাব জানানোর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কর্মীরা বাড়িতে এসে টিকা দিয়ে যায়।’
