এনটিটিএন ও আইআইজি সেবামূল্য বেঁধে দিল বিটিআরসি

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২:১৬ এএম

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাসিক ফি নির্ধারণের পর এবার বেসরকারি নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবাদাতা (এনটিটিএন) এবং ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ট্যারিফ বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই নতুন মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর ফলে সারা দেশে ‘এক দেশ এক রেট’ ব্রডব্যান্ড ইন্টারনেট বাস্তবায়ন আরও সহজ হবে বলে আশা করছে বিটিআরসি। গতকাল ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ভার্চুয়াল মাধ্যমে সেবাদাতাদের ট্যারিফ বা মূল্য নির্ধারণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, এতদিন এনটিটিএন ও আইআইজি সেবাদাতারা পারস্পরিক সমঝোতায় মূল্য নির্ধারণ করে আসছিল। মূল্য নির্ধারণের ফলে এখন থেকে নির্ধারিত দামেই তাদের এ সেবা দিতে হবে। সবার মতামত নিয়েই এ মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আরও সহজলভ্য হবে এবং সেবার মান আরও বাড়বে। এ মূল্য নির্ধারণের ফলে এ খাতের ব্যবসায়ীদের ব্যবসার প্রসার হবে, কারণ এখানে সেবার মান বৃদ্ধির পাশাপাশি সুস্থ প্রতিযোগিতাও বাড়বে। মোবাইল ফোন অপারেটরগুলোর জন্যও আইআইজি ও এনটিটিএন সেবামূল্য বেঁধে যাওয়া যায় কিনা, তাও ভেবে দেখার কথা বলেন তিনি।

গত জুন মাসে গ্রাম থেকে শহর সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাসিক ফি নির্ধারণ করে দিয়েছিল বিটিআরসি। কিন্তু আইআইজি ও এনটিটিএনের মূল্য নির্ধারণ না থাকায় সেটি বাস্তবায়নে সমস্যার কথা বলে আসছিল ইন্টারনেট সেবাদাতা আইএসপিগুলো। সারা দেশে ব্রডব্যান্ডে ‘এক রেট’, ৫ এমবিপিএসের ফি মাসে ৫০০ টাকা নির্ধারণ করে দেয় বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, নির্ধারিত মূল্য বাস্তবায়ন করতে একটি মনিটরিং টিম বিটিআরসিতে থাকবে। কেউ যদি না মানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হবে।

বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার  জেনারেল নাসিম পারভেজ ভার্চুয়াল মাধ্যমে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে এনটিটিএন, আইআইজির মূল্যসেবা বেঁধে  দেওয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন মূল্য নির্ধারণের শর্তে আইআইজিগুলোর প্রতি জেলায় সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে, যাতে আইএসপিগুলো জেলা  থেকে সংযোগ নিতে পারে। এনটিটিএনগুলো কয়েকটি ধাপে সেবা দিয়ে থাকে। এলাকাভিত্তিক সেবা দেওয়ার ক্ষেত্রে এ মূল্য নির্ধারণ করে দিয়েছে বিটিআরসি। মেট্রো এলাকায় (৮টি বিভাগীয় শহর এবং সিটি করপোরেশন এলাকা) সর্বনিম্ন ১০ এমবিপিএস সেবার ক্ষেত্রে প্রতি এমবিপিএস মূল্যে ২০০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা, লংহল (বড় দূরত্বে যেমন ঢাকা থেকে চট্টগ্রাম) ৪০০ থেকে ৫০০ টাকা এবং পার্শ্ববর্তী জেলায় ২০০ থেকে ৩০০ টাকা।

এ ছাড়া সর্বোচ্চ ১০০ জিবিপিএস সেবার ক্ষেত্রে প্রতি এমবিপিএস  মেট্রোতে ১৩ থেকে ১৪ টাকা, লংহল ২৫ থেকে ২৮ টাকা এবং পার্শ্ববর্তী জেলায় ১৩ থেকে ১৫ টাকা। সেবা দেওয়ার ক্ষেত্রে এনটিটিএনগুলোর ১৬টি ধাপে (সর্বনিম্ন ১০ এমবিপিএস এবং সর্বোচ্চ ১০০ জিবিপিএস) এ মূল্য নির্ধারণ করা হয়েছে।  আইআইজিগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন ৫০ থেকে ১০০ এমবিপিএস  সেবার ক্ষেত্রে প্রতি এমবিপিএস ৩৬৫ থেকে ৩৯৯ টাকা এবং সর্বোচ্চ ১০০ জিবিপিএসের বেশি সেবার ক্ষেত্রে ৩৩০ থেকে ৪৫৫ টাকা প্রতি এমবিপিএস। এক্ষেত্রেও মূল্য নির্ধারণে ১১টি ধাপ রয়েছে  সেবা দেওয়ার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত