বাংলাদেশি কোম্পানি মেসার্স লেবেল মেকারস লিমিটেড ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ১১ দশমিক ৪ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স লেবেল মেকারসের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। বেপজার সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ উন্নয়ন- অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফারুক আলম এবং মেসার্স লেবেল মেকারসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার এই লিজ চুক্তি স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠানটি বার্ষিক ১৬৩ কোটি ৩৯ লাখ পিস লেবেল, হ্যাং ট্যাগ, ইলাস্টিক, পেপার প্যাকেজিং, সিল কর্ড, লুপ, সেলফ এডহেসিভ স্টিকার, আরএফআইডি লেবেল, পলি ব্যাগ, বায়োডিগ্রেডেবল পলি ব্যাগ, পেট ফিল্ম ইমেজ ও হিট ট্রান্সফার লেবেল উৎপাদন করবে। লেবেল মেকারস কোম্পানিটি ২৮৫ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
