ইন্ডাস্ট্রির দরজা পরীমণির জন্য খোলা রইল: শাহীন সুমন

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০১:৪৫ এএম

সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন পরীমণি হয়রানির শিকার হচ্ছেন। পরীমণির ঘটনা ছাড়াও শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া কিছু ইস্যুতে যৌথ বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট ১৭ নাগরিক। সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্যাডে লেখা ওই বিবৃতিতে চলচ্চিত্র জগতের এক অভিনেত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের নব্য-ধনিক সমাজের যে চেহারা ফুটে উঠেছে তা আমাদের গভীরভাবে চিন্তিত, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে বলে জানিয়েছেন তারা।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমণির সদস্যপদ স্থগিত করেছে। পরীমণির পক্ষে তার ভক্তরা এত দিন কথা বললেও চলচ্চিত্রের পরিচালক ও শিল্পীরা তেমন মুখ খোলেননি। দেরিতে হলেও এবার পরীমণির পক্ষে নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন পরিচালক ও শিল্পীরা।

এদিকে পরীমণি ইস্যুতে এবার মুখ খুললেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন পরীমণির জন্য ইন্ডাস্ট্রির দরজা খোলা থাকবে।

শাহীন সুমন তার পোস্টে বলেন, ‘সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সোজা সাপটা বলি, পরীমণি ন্যায় বিচার পাক, নিজের ভুল ত্রুটি এবং অতীত কর্মকাণ্ড সংশোধন, পরিমার্জন করে পরিশোধিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, ইন্ডাস্ট্রির দরজা তার জন্য খোলা রইল।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। ৪ ঘণ্টার অভিযান শেষে পরীমণিকে আটক করে র‌্যাব। পরে মাদক মামলায় গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নেওয়া হয়। প্রথমে ৪দিনের জন্য, দ্বিতীয় দফায় আরও ২ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত