মেসির সঙ্গে আবার দেখা ফ্যাব্রিগাসের

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১১:০০ পিএম

প্রায় তিন বছর একসঙ্গে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন সেস ফ্যাব্রিগাস। বহু ম্যাচ জিতিয়েছেন ৯৬ ম্যাচের লা লিগা পর্বে। ২০১৪ সালে চেলসিতে যোগ দিলেও বন্ধুত্বে চিড় ধরেনি। সেদিনও একসঙ্গে পরিবার নিয়ে ইবিজায় অবকাশ কাটিয়েছেন মেসি-সুয়ারেজ পরিবারের সঙ্গে। ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় অধ্যায় (আর্সেনাল-চেলসি মিলিয়ে ৩৫০ ম্যাচ) শেষে ২০১৯ সালে যোগ দেন ফরাসি ক্লাব মোনাকোতে। মেসির সঙ্গে আবার এক লিগে খেলার সুযোগ, যদিও একই ক্লাবে নয়। তবে মেসির যোগদানে লিগ ওয়ানের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করেন ফ্যাব্রিগাস। ‘এখন অনেক মানুষই লিগ ওয়ান দেখবে। বিশেষত মেসি আসার পর। তার সঙ্গে আরও দুজন এমবাপে ও নেইমার। এটা দেখার জন্য দারুণ কিছুই হবে।’

এক সাক্ষাৎকারে স্পেনের হয়ে ১১০ ম্যাচ খেলা ফ্যাব্রিগাস বলেন, মেসি নিজে জানে না কত বড় খেলোয়াড় সে, ‘মাঝেমধ্যে আমি মেসিকে বলি সে আসলে নিজেও জানে না কত বড়। সে বিভিন্ন জায়গায় যায় এবং ভাবে মানুষের প্রতিক্রিয়া স্বাভাবিক। কারণ সে সেরা হিসেবেই বেড়ে উঠেছে এবং সব সময়ই ভক্তদের মাঝখানে ছিল। কিন্তু যখন বাইরে থেকে দেখবেন, আমি আর কারও ক্ষেত্রেই এমন দেখি না। কখনো একটা ক্লাবের চেয়েও মেসির ভক্ত বেশি দেখা যায়।’

পিএসজির দারুণ স্কোয়াড থাকলেও লিগ ওয়ান এক ঘোড়ার দৌড় হবে না বলেই বিশ্বাস ফেব্রিগাসের। ফ্রেঞ্চ লিগকে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলেই মনে করেন তিনি। মানুষ যতটা সহজ মনে করে, এখানের খেলা এত সহজ নয় বলেও জানিয়েছেন এই স্প্যানিশ। ‘যখন পিএসজি লিগ জিততে পারে না তখন সবাই এটাকে বিপর্যয় হিসেবে দেখে। কারণ তারা অনেক টাকা খরচ করে। সবাই ভাবে এটা এক দলের লিগ। কিন্তু শেষ তিন বছরে পিএসজি মাত্র দুইবার জিতেছে। এটা প্রতিযোগিতামূলক লিগ। মানুষ যেমন ভাবে, তত সহজ না।’

গতবারের রানার্সআপ পিএসজির সঙ্গে তৃতীয় হওয়া মোনাকোর এবারের লিগে প্রথমবার দেখা হবে ১২ ডিসেম্বর। গত বছর দুবারই মোনাকোর কাছে হেরেছিলেন নেইমাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত