জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওয়েব সিরিজে কাজ করেও আলোচনায় এসেছেন। নতুন ওয়েব সিরিজেও কাজের কথা শোনা যাচ্ছে। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
খবরটি ভুল...
সম্প্রতি আমাদের চলচ্চিত্রের সিনিয়র নির্মাতা শাহীন সুমনের ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজে আমার অভিনয়ের কথা নিয়ে আলোচনা শুনছি। কিন্তু আসল কথা হলো, এই সিরিজে আমি কাজ করছি না। এখনই ওয়েব সিরিজ নিয়ে কিছু ভাবছিও না। ফলে এই খবরটি ভুল।
মরীচিকা...
‘মরীচিকা’ ছিল আমার প্রথম ওয়েব সিরিজ। এটি একটি দেশীয় ওয়েব প্ল্যাটফর্মের প্রথম কনটেন্ট। তাই তারা বেশ আয়োজন করে, যতœ নিয়ে কাজটি করেছে। এ জন্যই কাজটি করতে রাজি হই। তা ছাড়া এখন সারা বিশে^ ওয়েব কনটেন্ট দারুণ জনপ্রিয় হচ্ছে। তাতে হলিউড-বলিউডের মূল ধারার তারকারা অভিনয় করছেন। করোনার এই ঘরবন্দী সময়ে এর জনপ্রিয়তা আরও বেড়েছে। তাই আমিও পিছিয়ে থাকতে চাইনি। ‘মরীচিকা’ নির্মাণ করেছেন গুণী নির্মাতা শিহাব শাহীন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা চমৎকার। এত হেল্পফুল একজন নির্মাতা আমি কম দেখেছি। শিল্পীদের অভিনয় করে দেখিয়ে দেন কীভাবে আমরা ডেলিভারি দেব। শ্যুটিং সেটে তিনি এতটাই এনার্জিটিক থাকেন যে অন্যরা আপনা আপনিই কাজে মনোযোগ দিতে বাধ্য হয়। তা ছাড়া এবারই প্রথম একটা ভিন্ন পরিবেশে কাজ করেছি। সাধারণত সিনেমার নায়ক-নায়িকারা সেটে আলাদা মেকআপ রুম ব্যবহার করেন। আমরা শট ছাড়া একে অপরের সঙ্গে তেমন মেশার সুযোগ পাই না। কিন্তু এখানে সবাই একটা পরিবারের মতো কাজ করেছে। একই মেকআপ রুমে আমি, আফরান নিশো, সিয়াম আহমেদ, জোভানসহ সবাই আড্ডা দিয়েছি, কাজ করেছি। আড্ডার মধ্যেই সবাই সিন রিহার্সেল করে নিচ্ছে। সব মিলিয়ে এই পরিবেশ থেকে অনেক কিছু শিখেছি।
সন্তুষ্টি...
দর্শক প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ থেকেই আমাকে সাদরে গ্রহণ করেছে। অনেকেই আমার অভিনয় ভালো লাগে বলে জানিয়েছেন। কিন্তু নিজেকে পর্দায় দেখতে আমার ভালো লাগে না। মনে হয়, আমি খুব ন্যাকামি করে অভিনয় করেছি। কিন্তু এই প্রথম ‘মরীচিকা’ ওয়েব সিরিজ করে মনে হয়েছে আমি যথেষ্ট ভালো অভিনয় করেছি। নিজেকে দেখতে পাইনি, মনে হয়েছে মডেল বহ্নি চরিত্রের একজন অভিনেত্রীকে দেখছি। এ জন্যই হয়তো দর্শক আমার অভিনয় নিয়ে এতো প্রশংসা করেছেন। শুধু দর্শকই নয়, আমাদের অইেশ সহকর্মী, পরিচালকদের কাছ থেকে এই কাজের জন্য শুভেচ্ছা পেয়েছি। এই ইউনিটের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে পরবর্তী কাজগুলোতে দারুণ সহায়তা করবে বলে মনে হয়।
প্রযোজক...
এ বছরই প্রথম প্রযোজকের খাতায় নাম লিখিয়েছি। আমার প্রযোজনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এইডা কপাল’! ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাচ্ছে রায়হান রাফি পরিচালিত শর্টফিল্মটি। এটি এক রাতের গল্প। এক রাতেই এর দৃশ্যধারণ হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে চলচ্চিত্রটির কাহিনী। এতে আমি অভিনয়ও করেছি।
