আগস্ট মাস ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কাবস্থায় রয়েছে র্যাব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলায় জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা আত্মতুষ্টিতে ভুগছি না।
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছি আমরা। এই আগস্ট মাসে জঙ্গিরা ইতিপূর্বে অনেক অঘটন ঘটিয়েছে। প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট মিলে একসঙ্গে কাজ করি। আগস্ট মাসের সব ইভেন্ট যাতে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে কাজ করি। র্যাবের গোয়েন্দা ইউনিটও এ ব্যাপারে তৎপর রয়েছে।’
