টানা ২০ দিন পর করোনায় মৃত্যু ২০০-এর নিচে

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৫:১৬ এএম

দেশে টানা ২০ দিন পর করোনায় মৃত্যু ২০০-এর নিচে নামল। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৭ জন। এর আগে টানা ২০ দিন দৈনিক মৃত্যু দুই শতাধিক ছিল। সর্বশেষ গত ২৪ জুলাই মৃত্যুর সংখ্যা ছিল ১৯৫ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮১০ জনে।

অন্যদিকে ১ মাস ১৯ দিন পর শনাক্ত হার ২১ শতাংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৩ শতাংশ বা ২১ শতাংশ। এর আগে গত ২৫ জুন শনাক্ত হার ছিল ২১ শতাংশ। এরপর শনাক্ত হার বাড়তে বাড়তে গত ২৪ জুলাই সর্বোচ্চ রেকর্ড ৩৩ শতাংশ হয়েছিল।

এমনকি ১ মাস ২ দিন পর গতকালই প্রথম পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের সংখ্যা আট হাজারের ঘরে পৌঁছায়। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬৪১টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৬৫ জন। এর আগে গত ১১ জুলাই পরীক্ষা হয়েছিল ৪০ হাজার ১৫টি নমুনা এবং সেদিন রোগী শনাক্ত হয়েছিল ১১ হাজার ৮৭৪ জন। সে হিসাবে পরীক্ষা অনুপাতে গত ২৪ ঘণ্টায় রোগী কমেছে ৩ হাজার ৪০৯ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৫৩ ও খুলনা বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের। ঢাকা বিভাগে গত এক দিনে যে ৭৮ জনের মৃত্যু হয়েছে, তাদের ৪১ জনই ছিলেন ঢাকা জেলার। চট্টগ্রাম বিভাগে মারা যাওয়া ৫৩ জনের মধ্যে ৮ জন চট্টগ্রাম জেলার, ৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং ১৭ জন কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া রাজশাহী বিভাগে ৮, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ১৮, রংপুর বিভাগে ৯, সিলেট বিভাগে ৮ এবং ময়মনসিংহ বিভাগে ১২ জনের মৃত্যু ঘটেছে গত এক দিনে।

মৃত ১৯৭ জনের মধ্যে ১২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৪৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১০ বছরের কম ছিল।

মৃতদের মধ্যে ১০৮ জন ছিল পুরুষ, ৮৯ জন নারী। ১৫৬ জন সরকারি হাসপাতালে, ৩২ জন বেসরকারি হাসপাতালে এবং ৯ জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত এক দিনে ঢাকা জেলায় দেশের সর্বোচ্চ ২ হাজার ৩৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে ২২৩, ফরিদপুরে ৯৩, গাজীপুরে ১৯৬, গোপালগঞ্জে ৯৪, কিশোরগঞ্জে ৮৭, মানিকগঞ্জে ১৮৪, মুন্সীগঞ্জে ১৬৪ এবং শরীয়তপুরে ১৭৪ জন রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় ৬১৬, কক্সবাজারে ১৮৮, নোয়াখালীতে ১৬৮, লক্ষ্মীপুরে ৮৬, চাঁদপুরে ১৫৩, কুমিল্লায় ২৭০ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৮ জন আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

অন্য বিভাগগুলোর বিভিন্ন জেলার মধ্যে যশোরে ৯৯, ময়মনসিংহে ১৮২, ভোলায় ১০০ এবং সিলেটে ৩৯০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

সরকারি হিসাবে এক দিনে সেরে উঠেছে ১১ হাজার ৪৫৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন সুস্থ হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত