চীনের উপহার হিসেবে দেওয়া আরও ১০ লাখ করোনার সিনোফার্ম টিকা দেশে পৌঁছেছে। গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট চীন থেকে টিকার এ চালান নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। টিকার পাশাপাশি এই ফ্লাইটে ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ এসেছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান।
এছাড়া আজ শনিবার সকাল ১০টায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইটের কভিড টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আজ রাত পৌনে ১২টার দিকে দেশে এ টিকা পৌঁছানোর কথা। গতকাল বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গতকাল মিলে চীন এ পর্যন্ত সিনোফার্মের ১ কোটি ২৫ লাখ ডোজ টিকা দিল বাংলাদেশকে। এর মধ্যে চীন সরকারের উপহারের ১১ লাখ ও টিকার বৈশ্বিক উদ্যোগ থেকে পাওয়া ৩৪ লাখ টিকা রয়েছে। অবশিষ্ট ৭০ লাখ টিকা এসেছে ক্রয়চুক্তির আওতায়। গতকালের আগে সর্বশেষ গত বুধবার রাতে এমিরেটসের একটি কার্গো ফ্লাইটে ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসে পৌঁছেছে। তার আগে গত ১০ আগস্ট রাতে আরও ১৭ লাখ ডোজ চীন থেকে দেশে আসে। চীন সরকার গত ১২ মে সর্বপ্রথম উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠায়। এরপর ১৩ জুন চীন থেকে উপহারের আরও ৬ লাখ ডোজ টিকা আসে।
গত ২ জুলাই রাত সাড়ে ১২টায় ক্রয়চুক্তির আওতায় সিনোফার্ম টিকার প্রথম চালানে ১১ লাখ টিকা দেশে আসে। এরপর ৩ জুলাই ভোরে আসে আরও ৯ লাখ টিকা। পরে একে একে ১৭ জুলাই ১০ লাখ, ১৮ জুলাই ১০ লাখ ও ২৯ জুলাই ৩০ লাখ টিকা আসে। আর গত দুদিন ১০ ও ১১ আগস্ট দেশে আসে মোট ৩৪ লাখ সিনোফার্ম টিকা।
