লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেওয়ায় সার্জিও আগুয়েরো বেশ হতাশ বলে মন্তব্য করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষে নতুন মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছেন আগুয়েরো। এই আর্জেন্টাইনের কাতালান ক্লাবে যোগ দেওয়ার অন্যতম কারণ ছিলেন লিওনেল মেসি। কিন্তু মেসিকে ধরে রাখতে পারেনি বার্সা। তাই নতুন ঠিকানা হিসেবে ফরাসি ক্লাব পিএসজিকে বেছে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
ক্লাবে মেসির পাশে খেলার ইচ্ছা তাই পূরণ হচ্ছে না আগুয়েরোর। অন্যদিকে আর্জেন্টিনা জাতীয় দলের আরেক বড় তারকা অ্যাঙ্কেল ডি মারিয়ার জন্য ব্যাপারটা পুরো বিপরীত। জাতীয় দলের মতো ক্লাবেও এখন মেসির সঙ্গে খেলবেন তিনি। যা নিয়ে বেশ খুশি ডি মারিয়া।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন ডি মারিয়া। যেখানে আগুয়েরো প্রসঙ্গে কথা বলতে গিয়ে হাসতে হাসতে বলেন, ‘কুন (আগুয়েরো) এখন চাচ্ছেন নিজেকে খুন করতে, আপনি কি করতে পারবেন?’
তবে মেসির বার্সা ছেড়ে আসার চেয়ে নিজের ইনজুরির কারণে আগুয়েরো বেশ বিপাকে। বার্সায় তার অভিষেকও পিছিয়ে গেছে। যা কষ্ট দিচ্ছে ডি মারিয়াকে, ‘এরচেয়েও (মেসির বার্সেলোনা ছাড়া) এখন কষ্টের যে সে (আগুয়েরোর) আবারো ইনজুরির শিকার হয়েছে, কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে। এটা সবচেয়ে দুঃখজনক বিষয়।’
নতুন মৌসুমের শুরুতে পিএসজিতে পাড়ি দেওয়া নিয়ে যাদের নাম এসেছে, তাদের অন্যতম ক্রিস্তিয়ানো রোনালদো। অনেকে বলছেন, ২০২২ সালে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে পিএসজিতে যোগ দিতে পারেন পর্তুগাল অধিনায়ক।
ডি মারিয়া বলেন, ‘ক্রিস্তিয়ানোও এখানে না থাকার জন্য নিজেকে হত্যা করতে চাইছে।’
