নরসিংদীর একটি খামার থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি করা ৯টি গরু কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দার ভাই ভাই ডেইরি ফার্ম থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে খামারটির মালিক রোহিতপুর ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রোহিতপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মতি মিয়ার ভাই।
নরসিংদী জেলা পুলিশের তথ্যমতে, গত ৯ আগস্ট নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের এনকে কেমিক্যাল ফ্যাক্টরির খামারে ১৪-১৫ জন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ঢোকে। তারা খামারে ঢুকে সব কর্মীর হাত-পা বেঁধে সেখান থেকে ১০টি গরু নিয়ে যায়। এ ঘটনায় খামার কর্র্তৃপক্ষ পলাশ থানায় একটি মামলা করে। এরপর গত ১২ আগস্ট রাতে নরসিংদীর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতদলের ৬ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যমতে ডাকাতি হওয়া ৯টি গরু কেরানীগঞ্জের ভাই ভাই ডেইরি ফার্ম থেকে উদ্ধার করা হয়।
