ডমিঙ্গোর চুক্তির মেয়াদ ‘বাড়তে পারে’

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৭:৫১ পিএম

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর চুক্তির মেয়াদ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়তে পারে।

যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন ডমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়ানো প্রসঙ্গে বলেছেন, ‘এটি হওয়ার সম্ভাবনা আছে’।

রবিবার সংবাদমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা নিয়ে আসলে ফাইনাল কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ওনার মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত আছে, কাজেই এটা তো আছেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরে এটা বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি।’

২০১৯ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ডমিঙ্গো। পরে সেটি এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া, অক্টোবর-নভেম্বরে।

শুরু থেকে ডমিঙ্গোর কাজে বিসিবি উচ্চপদস্থ কর্তারা খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তবে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সে কোচ নিজে ডমিঙ্গোও ‘গুডবুকে’ ঢুকে গেছেন তাদের।

সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই সিরিজ জয় করে ফেরে। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারায় ৪-১ এ। সব মিলেই ডমিঙ্গোর চুক্তি বাড়ানোর পথে বিসিবি।

বিসিবি সভাপতি বলছেন, ‘এখনো পর্যন্ত এই সিদ্ধান্তটা আমরা তাকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি। কথা বলেছি কয়েক জনের সঙ্গে। আরও কয়েকজনের সঙ্গে বলতে হবে। কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নেব। সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আপাতত এই দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপই আমাদের মাথায় আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত