জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে বিলবোর্ডে ভেসে উঠল বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার প্রকম্পিত হলো ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’স্লোগানে। স্থানীয় সময় ১৫ আগস্টের প্রথম প্রহরে টাইমস স্কয়ারের আইকনিক বলড্রপ বিলবোর্ডে বাঙালি জাতির পিতার জীবন ও কর্মের এই প্রদর্শনী চলে ২৪ ঘণ্টা ধরে। তাতে ভেসে ওঠে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের অংশবিশেষ, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা মুহূর্তের ছবি আর তার স্মরণীয় উক্তি।
বিশ্বজুড়ে পরিচিত এই আলো ঝলমলে টাইমস স্কয়ারের বিলবোর্ড থেকেই ইংরেজি বর্ষবরণের বলড্রপ দেখা যায় প্রতি বছর। বিভিন্ন দেশের লাখো মানুষ এই টাইমস স্কয়ারে জড়ো হয় প্রতিদিন। এবার ১৫ আগস্ট বিলবোর্ডজুড়ে তারা দেখতে পারেন স্বাধীন বাংলাদেশের স্থপতির কর্মময় জীবনের গল্পও।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা টাইমস স্কয়ারে সমবেত হয়েছিলেন আগেই। ঘড়ির কাঁটা রাত ১২টায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিলবোর্ডে ভেসে ওঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সে সময় সমবেতরা সমস্বরে স্লোগান ধরেন।
এ সময় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাও উপস্থিত ছিলেন সেখানে।
নিউ ইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের সিইও ফাহিম ফিরোজের উদ্যোগে টাইমস স্কয়ারের এই আয়োজনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসের বীর মুক্তিযোদ্ধারাও শামিল হন।
যুক্তরাষ্ট্র ছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন, জাপানে বাংলাদেশ দূতাবাস, বাহরাইনসহ বিভিন্ন দেশে জাতীয় শোক দিবস পালিত হয়।
