আইনমন্ত্রী বললেন

পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর না করে ক্ষান্ত হব না

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০২:২৬ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পলাতক পাঁচ খুনর ফাঁসির রায় কার্যকর না করা পর্যন্ত আওয়ামী লীগ ক্ষান্ত হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের কুশীলবদের চিহ্নিত করতে যে কমিশন গঠিন করা হবে তা অবশ্যই নিরপেক্ষ হবে।’

গতকাল রবিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনিসুল হক।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকান্ডের কুশীলবদের চিহ্নিত করতে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিশন গঠন করা হবে। কমিশনের মাধ্যমে নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে। জিয়াউর রহমানসহ সবার পরিচয়, ন্যক্কারজনক কাজ সাক্ষ্যপ্রমাণসহ জনসম্মুখে উপস্থাপন করা হবে।’ 

মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ইনডেমনিটি নামের কালো আইন দ্বারা জাতির পিতার হত্যাকা-ের বিচার বন্ধ করে রাখা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা এই কালো আইন বাতিলের মাধ্যমে তার পিতা-মাতাসহ আপনজনদের হত্যাকা-ের বিচার সম্পন্ন করেছেন। এই হত্যাকান্ডের বিচারে দন্ডপ্রাপ্ত পাঁচ খুনি বিদেশে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার সবরকম চেষ্টা চালানো হচ্ছে।’ তিনি বলেন, ‘পলাতক পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর না করা পর্যন্ত আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণ ক্ষ্যান্ত হবে না।’

আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন নিরহংকার, সাদামাটা মানুষ। তিনি অনেক বড়মাপের মানুষ হওয়া সত্ত্বেও সাধারণ জীবনযাপন করতেন। বঙ্গবন্ধুর আদর্শ মতো আমাদের চলতে হবে। তার আদর্শ ধারণ করতে হবে।’ অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা, সলিসিটর রুনা নাহিদসহ নিবন্ধন অধিদপ্তরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত