ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ওষুধ কিনল চসিক

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১২:১৫ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ও কীটতত্ত্ববিদের গবেষণা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মশক নিধনে আগে ব্যবহৃত ‘অকার্যকর’ ওষুধ বাদ দিয়ে নতুন ‘মসকুবা’ ওষুধ কিনেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এই নতুন ওষুধ ছিটিয়ে মাসব্যাপী ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করেছে চসিক। নগরীর ৪নং চান্দগাঁও ওয়ার্ডের আবাসিক এলাকার বি-ব্লকে জুম অ্যাপের মাধ্যমে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা কার্যকর মশার ওষুধ ক্রয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কীটতত্ত্ববিদ ও কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও যাচাই-বাচাই করে নতুন ওষুধ ক্রয় করেছি। এখন নগরবাসীকেও চসিকের পাশাপাশি সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, ডাবের খোসা, ব্যাটারি সেল, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি তিন দিন পরপর ফেলে দিতে হবে। এ নির্দেশনা পালনে কোনো অবহেলা করা হলে চসিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ি বা আবাসিক গৃহের মালিককে জরিমানার সম্মুখীন হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত