সপ্তাহ ব্যবধানে কমেছে শনাক্ত-মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০১:৫৪ এএম

সপ্তাহ ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু এবং শনাক্ত দুই-ই কমেছে। গত সপ্তাহে বিশ্বে ৪৩ লাখ ৫৩ হাজার ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের চাইতে ২ শতাংশ কম। আগের সপ্তাহে বিশ্বে শনাক্ত হয়েছিল ৪৪ লাখ ৪৯ হাজার ২৫ জন। একই সময়ে মৃত্যুর সংখ্যাও কমেছে। গত সপ্তাহে বিশ্বে যেখানে ৬৬ হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে, সেখানে আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৬৬ হাজার ৭৩৯ জন।  

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায়ও আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৭৪৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে ৮ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে শনাক্ত হয় ৫ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন।

এদিকে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৮১ লাখ ৫২ হাজার ৯৮৫। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৭৮ হাজার ২০৩ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৮১৩ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৭১৮। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৩৭ হাজার ৫৬১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ১ লাখ ৫৩ হাজার ৫৭৬ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লাখ ২৫ হাজার ১৭৫ জন। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৩১ হাজার ৬৭৪ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ১৪ লাখ ৩ হাজার ৯৫৯ জন। সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৯৯। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৬৯ হাজার ২১৮ জন। তবে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯২ লাখ ১৮ হাজার ৬৩০ জন। সংক্রমণ ও মৃত্যুতে চতুর্থ রাশিয়া এবং পঞ্চম ফ্রান্স।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত