ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্তাস ছাড়তে চাওয়ার গুজব এখন ফুটবল দুনিয়ায় আলোচনার অন্যতম উপলক্ষ। পর্তুগাল অধিনায়ককে নিয়ে একেক দিন একেক খবর সামনে আসছে। এ অবস্থায় নীরবতা ভাঙলেন সিআর সেভেন। পরিষ্কার করলেন নিজের ভবিষ্যৎ বিষয়ে।
ইউরোপের বেশি কিছু শীর্ষ ক্লাব, এমনকি রিয়াল মাদ্রিদেও ফিরতে পারেন রোনালদো- গত কদিন এমন বেশ কিছু খবর সামনে এসেছে। তবে রোনালদো সাফ জানিয়ে দিয়েছেন, রিয়াল অধ্যায় তার ক্যারিয়ারে এখন অতীত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো লিখেন, ‘যারা আমাকে চেনে, তারা সবাই জানে আমি আমার কাজের প্রতি কতটা মনোযোগী। কথা কম এবং কাজ বেশি- ক্যারিয়ারের শুরু থেকে এটাই আমার নির্দেশক নীতিবাক্য। যাই হোক সম্প্রতি যা বলা হয়েছে এবং লেখা হয়েছে, তার প্রেক্ষিতে আমাকে আমার অবস্থান ব্যাখ্যা করতে হবে।’
রোনালোদো লিখেছেন, ‘স্পেনের সাম্প্রতিক যে ঘটনা, বিভিন্ন লিগের বেশকিছু ক্লাবের সঙ্গে আমাকে যুক্ত করে ঘনঘন খবর এবং গল্প তৈরি করা হচ্ছে। প্রকৃত সত্য খুঁজে বের করার বিষয়ে অবশ্য কেই সচেতন হয়। আমি এখন আমার নীরবতা ভেঙে বলছি, আমি মানুষকে আমার নাম নিয়ে খেলতে দিতে পারি না।’
যোগ করেন, ‘আমি আমার ক্যারিয়ার এবং কাজ নিয়ে সচেতন। সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং তৈরি। বাকি সব? বাকি সব শুধুই কথাবার্তা।’
যে ক্লাবগুলোর সঙ্গে তার নাম জড়িয়ে গুজব ছড়ানো হয়েছে, তা ওই ক্লাব এবং ক্লাবের খেলোয়াড়, স্টাফদের জন্য অসম্মান জনক বলেছেন রোনালদো। আর নিজের কথা বলতে গিয়ে লিখেছেন, ‘একজন মানুষ এবং খেলোয়াড় হিসেবে আমার জন্য অসম্মানের চেয়েও বেশি।’
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্তাসে পাড়ি দেন রোনালদো। তুরিনের দলটির সঙ্গে তার চুক্তি আছে আর এক বছর। কিন্তু চলতে গ্রীষ্মেই রোনালদো জুভেন্তাস ছাড়তে চান বলে খবর প্রকাশ হচ্ছিল। তার রিয়ালে ফেরার সম্ভাবনার কথাও জোর দিয়ে বলা হচ্ছিল অনেক সংবাদমাধ্যমে।
তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মঙ্গলবার এক টুইট বার্তায় জানিয়ে দেন, রোনালদোকে দলে ফেরানোর কথা কখনোই ভাবেননি তিনি। আনচেলত্তির সেই টুইটে কমেন্ট করেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। স্প্যানিশ ভাষায় তিনি লিখেন, ‘হা হা হা।’
এদিকে রোনালদো তার রিয়াল মাদ্রিদ অধ্যায় নিয়ে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়েছে। এটা রেকর্ড হয়ে আছে। শব্দ এবং সংখ্যায়, ট্রফি এবং শিরোপায়, রেকর্ডে এবং শিরোনামে। এটা বার্নাব্যুর জাদুঘরে রয়েছে। এটি ক্লাবের প্রতিটি ভক্তের হৃদয়েও রয়েছে।’
‘আমি যা অর্জন করেছি এর বাইরেও দীর্ঘ ৯ বছর ক্লাবের অসাধারণ ভক্তদের সঙ্গে আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। সেই ভালোবাসা ও শ্রদ্ধা আমি আজও ধরে রেখেছি এবং সবসময় তা ললন করব। আমি জানি যে রিয়াল মাদ্রিদের প্রকৃত ভক্তরা আমাকে এখনো তাদের হৃদয়ে রেখেছে এবং ভবিষ্যতেও তাদের মনের মধ্যে থাকব।’
