২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে একদম নতুন দল পাপুয়া নিউ গিনি (পিএনজি)। কখনই ক্রিকেটের বড় পর্যায়ে নাম লেখাতে পারেনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডকে টপকে দ্বিতীয় সেরা হয়েছে তারা। মূল আসরের প্রথম রাউন্ডে বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ডের সঙ্গে গ্রুপ বি-তে লড়বে পিএনজি। এতে প্রথমবারের মতো র্যাংকিংয়ে ৯ এর ভেতরে থাকা কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে নামছে তারা। ২১ অক্টোবরের ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেয়ে দারুণ রোমাঞ্চিত পিএনজি।
বাংলাদেশে ২০০৪ সালে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে খেলা অলরাউন্ডার আসাদ ভালা এখন পিএনজি’র অধিনায়ক। মাহমুদউল্লাহদের বিপক্ষে খেলে নিজেদের সামর্থ্য যাচাই করতে চান তিনি। ‘গত কয়েক বছরে আমরা ওমান, স্কটল্যান্ডের সঙ্গে খেলেছি। কিন্তু যে দলের বিপক্ষে খেলতে আমরা উদগ্রীব তারা বাংলাদেশ। তারা আইসিসির পূর্ণ সদস্য দেশ। শীর্ষস্থানীয় একটি দলের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেওয়াটা দারুণ হবে। এতে বোঝা যাবে আমাদের অবস্থান কোথায়।’
ওমান অধিনায়ক জিশান মাকসুদ: ঘরের মাঠে আইসিসির বৈশ্বিক আসরে খেলা আমাদের জন্য অসাধারণ এক সুযোগ। স্বাগতিক ও খেলোয়াড় হিসেবে আমাদের সামর্থ্য কতটা, তা বিশ্বকে দেখানোর বড় সুযোগ এটি।
