ঘাটতি বাজেট অর্থায়ন

গত অর্থবছরের ঋণের ৬১ শতাংশ এক মাসেই

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৪:৩২ এএম

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১ হাজার কোটি টাকার বেশি ঋণ করেছে সরকার। যা বাজেট ঘাটতি অর্থায়নে সরকারের লক্ষ্যমাত্রার ১৮.৪৮ শতাংশ। চলতি অর্থবছরের ব্যাংক ব্যবস্থা থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা নিট ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।  

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, গত ১ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর কাছে সরকারি সিকিউরিটিজ ও ট্রেজারি বিল বিক্রির মাধ্যমে ১৩ হাজার ১৯১ কোটি টাকা ঋণ করে সরকার। এই সময়ে বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধ হয় ২ হাজার ১১৫ কোটি টাকা। ফলে নিট ঋণ দাঁড়ায় ১১ হাজার ৭৫ কোটি টাকা।  

বিদায়ী ২০২০-২১ অর্থবছরের পুরো সময়ে সরকারের ১৮ হাজার কোটি টাকা নিট ঋণের প্রয়োজন হয়। সেই হিসেবে ব্যাংক ব্যবস্থা থেকে চলতি অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) গত অর্থবছরের পুরো সময়ের নিট ঋণের ৬১ শতাংশ ঋণ করেছে সরকার।  

গত ২৯ জুলাই শেষে সরকারের ব্যাংকঋণের স্থিতি দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ৬১৫ কোটি টাকা। গত জুন শেষে এই স্থিতি ছিল ২ লাখ ১ হাজার ৫৩৮ কোটি টাকা।  

গত অর্থবছরের ধারাবাহিকতার দিক দিয়ে চলতি অর্থবছরের প্রথম মাসে সরকারের ব্যাংকঋণে উল্লম্ফন ঘটলেও এর আগের বছরগুলোর তুলনায় এটাকে স্বাভাবিক মনে করছেন অর্থনীতির বিশ্লেষকরা।  

বিদায়ী অর্থবছরে সরকারের ব্যাংকঋণ ছিল লক্ষ্যমাত্রার অনেক নিচে। এ কারণে মূল বাজেটে সরকারের ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। তবে সঞ্চয়পত্র থেকে প্রত্যাশার তুলনায় বেশি ঋণ আসায় সংশোধিত বাজেটে ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে ৭৯ হাজার ৭৪৯ কোটি টাকা করা হয়।

এর আগের অর্থবছরে (২০১৯-২০) সরকার ব্যাংকঋণ নিয়েছিল ৬৬ হাজার ৯০৭ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে সরকারের ব্যাংকঋণ কিছুটা কম ছিল, ১৮ হাজার ২৬৯ কোটি টাকা। মূলত সঞ্চয়পত্রের বিনিয়োগের ওঠানামার কারণে গত কয়েক বছর ধরে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে বড় ধরনের ব্যবধান দেখা যাচ্ছে।

বিদায়ী অর্থবছরেও মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে নিট ঋণ ২০ হাজার কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করে সরকার। কিন্তু সঞ্চয়পত্র বিক্রি বাড়ায় সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩০ হাজার ৩০২ কোটি টাকা করা হয়। তবে জুন শেষে ওই অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ ৪১ হাজার ৯৫৯ কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থাৎ সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় ৩৮ দশমিক ৪৭ শতাংশ ঋণ বেড়েছে ব্যাংক বহির্ভূত এ খাত থেকে।  

এই ঋণ এর আগের (২০১৯-২০) অর্থবছরের নিট ঋণের তুলনায় ১৯১ শতাংশ বা প্রায় তিনগুণ বেশি। ২০১৯-২০ অর্থবছরের পুরো সময়ে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ আসে ১৪ হাজার ৪২৮ কোটি টাকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত