মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্রে, ভারতে শনাক্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৫:১১ এএম

সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশে^ ১০ হাজার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসাবে নতুন করে শনাক্ত হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫১৫ জন। এর আগের দিন বিশ্বে ৮ হাজার ৮২৪ জনের মৃত্যু হয় ও আক্রান্ত হয় ৭ লাখ ৬ হাজার ৯১ জন।

এদিন ভারতেও ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বুধবার ভারতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৫ হাজার ১৭৮ জন। এর আগের দিন সেখানে আক্রান্ত হয়েছিল ২৫ হাজার ১৬৬ জন। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জনে। দেশটিতে সংক্রমণ বাড়লেও বাড়েনি মৃত্যু। গত কয়েক দিন ধরে ভাইরাসে মৃত্যুর পরিমাণ ৫০০’র নিচে রয়েছে। তবে মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে আরও ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর একদিনে এত মানুষের মৃত্যু হলো দেশটিতে।

রয়টার্সের পরিসংখ্যানে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে, যেখানে এখন পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ২৩ হাজারের মতো। এর আগে গত মার্চের দিকে যুক্তরাষ্ট্রের দৈনিক ১ হাজার মানুষের মৃত্যু রেকর্ড করা হয়।

পরিসংখ্যানে আরও বলা হয়, এপ্রিলের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত মানুষের মৃত্যু বেড়েছে। গড়ে দেশটিতে দৈনিক মৃত্যু ৭৬৯ জন।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ২৯৬ জন। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৯৮ হাজার ৭৮১ জন। সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ১৩৩ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বের শীর্ষে অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। আর সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ২০৪ জন। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৭০ হাজার ৭১৮ জন। আর সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৫৪৬ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬৬ লাখ ২১ হাজার ৬০১ জন। মারা গেছে ১ লাখ ৭১ হাজার ৩০৫ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১২ হাজার ৭৫৩ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও স্পেন দশম স্থানে রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত