সাতক্ষীরায় করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই কমতে শুরু করেছে। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে টানা দুই মাস পর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। পাশাপাশি গতকাল বুধবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম ১৪০ রোগী ভর্তি আছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে কেউ মারা যাননি। ফলে গত ১৫ জুন থেকে গত মঙ্গলবার পর্যন্ত টানা ৬২ দিন পর গতকাল মৃত্যুশূন্য দিন পার করল হাসপাতালটি। সংশ্লিষ্টরা জানায়, জুন মাসের শেষ ১৫ দিনে করোনার উপসর্গ নিয়ে ৯৫ জন ও করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরপর জুলাই মাসে করোনা উপসর্গ নিয়ে ১৮৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। চলতি মাসে এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৬১ জন ও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনার উপসর্গ নিয়ে ৬০৬ জন ও করোনায় ৮৬ জন মারা গেছেন। এদিকে ঢাকার বাইরের কয়েকটি জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুসংক্রান্ত খবরাখবর দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে
রামেক হাসপাতালে এক দিনে ৯ মৃত্যু : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসের ১৮ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ২৪৪ জন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং মেহেরপুরের একজন রয়েছেন। এই সময়ে করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।
মমেক হাসপাতালে ১০ জনের মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৬, নেত্রকোনার ২, জামালপুর ও সুনামগঞ্জের একজন করে রয়েছেন। হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, ইউনিটে নতুন ৩৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩০৪ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৪ জন। এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১টি নমুনা পরীক্ষার বিপরীতে ২০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
কুষ্টিয়ায় শনাক্ত ৫৫, মৃত্যু ৪ : কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৯১টি নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, বর্তমানে করোনা পজিটিভ ১২৮ জন এবং উপসর্গ নিয়ে ৩৮ জনসহ মোট ১৬৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মোট ৬৮৯ জনের মৃত্যু হলো।
নারায়ণগঞ্জে শনাক্ত ২০৩, মৃত্যু ২ : নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বন্দর ও একজন সোনারগাঁওয়ের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯৭ জনের নমুনা পরীক্ষায় ২০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৫৮০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯৯৩ জন।
