মাস্ক না পরার শাস্তি

সিঙ্গাপুরে ব্রিটিশ নাগরিকের ৬ সপ্তাহ কারাদণ্ড

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০১:৪৯ এএম

করোনা মহামারীর মধ্যে বিধিনিষেধ থাকলেও মাস্ক না পরায় ব্রিটেনের এক নাগরিককে ছয় সপ্তাহের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত। গত বুধবার জনসমাগমস্থলে মাস্ক না পরে করোনা প্রটোকল ভাঙার অভিযোগে এ সাজা দেওয়া হয় বলে খবর দিয়েছে সিএনএন।

৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বেঞ্জামিন গ্লিনের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। তিনি গত মে মাসে মাস্ক না পরে ট্রেন ভ্রমণ করেন। এ সময় তাকে মাস্ক পরার কথা বললে উল্টো এক কর্মীকে হুমকি দেন।

অভিযোগ আসার পর বেঞ্জামিনকে জুলাইয়ে নির্দেশনা দিলেও তিনি আদালতে হাজির হননি। এরপর জনসাধারণের মধ্যে এক ধরনের উপদ্রবকারী হিসেবে চিহ্নিত হন বেঞ্জামিন। তার মনস্তাত্ত্বিক বিষয় আদালতের নজরে আনা হয়।

অবশ্য আদালতে বেঞ্জামিন তার বিরুদ্ধে বেআইনিভাবে অভিযোগ আনা হয়েছে দাবি করে বলেন, ‘আমার পাসপোর্ট ফেরত দিলে ব্রিটেনে ফিরে যাব।’

বিচারক বলেছেন, ‘বেঞ্জামিন গ্লিন বিশ্বাস করতেন তিনি সিঙ্গাপুরে মাস্ক পরার বিধিনিষেধের বাইরে।’

সিঙ্গাপুরে করোনার বিধিনিষেধ ভঙ্গের কারণে আগেও অনেককে সাজা দেওয়া হয়েছে। কয়েকজন বিদেশির দেশটিতে কাজ করার অনুমতি বাতিল হয়েছে। গত ফেব্রুয়ারিতে হোটেলে কোয়ারেন্টাইনে থাকাকালে ব্রিটেনের আরেক নাগরিক বাগদত্তার সঙ্গে দেখা করায় দুই সপ্তাহের সাজা খাটেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত