পদ্মা নদীর বর্তমান গতি পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সেতুর নিচ দিয়ে লঞ্চ এবং স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মার শিমুলিয়া, বাংলাবাজার ও মাঝিকান্দি পয়েন্টসহ আশপাশের এলাকায় এক যৌথ সার্ভে (পরিদর্শন) শেষে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলটি জানায়, সবার সঙ্গে আলাপ করে ও নদী পর্যবেক্ষণ করে লঞ্চ চলাচল পদ্মা সেতুর নিচ দিয়েই করার সিদ্ধান্ত হয়েছে। তবে নদীতে স্রোতের অবনতি হলে লঞ্চও বন্ধ করা হবে। আর স্রোত কমলে ফেরি চালানো হবে। এ সময় বিআইডব্লিউটিএর পরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক আ. মতিন সরকার, বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সোবাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএর পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘সাময়িকভাবে শুধু হালকা যানবাহন নিয়ে ফেরি মাঝিকান্দি দিয়ে চালানোর বিষয়টি ভাবা হচ্ছে। এতে পদ্মা সেতু বাইরে থাকবে। তবে সে ক্ষেত্রে আরও পর্যালোচনার বিষয় রয়েছে।’
প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতে প্রায় এক সপ্তাহ ধরে সন্ধ্যার পর এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। গত বুধবার দুপুর আড়াইটা থেকে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই নদী পারাপারে অপেক্ষমাণ যানবাহন ফরিদপুরের ভাঙ্গা থেকে ঘুরিয়ে বিকল্প রুটে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
