নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন নির্যাতিত সেই নারী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদিন এ সাক্ষ্যগ্রহণ করেন। এর আগে গত ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ লাবলু জানান, এদিন মামলার ১৩ আসামির মধ্যে প্রধান আসামি নূর হোসেন বাদলসহ ৯ জনই আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৪ আসামি এখনো পলাতক রয়েছেন। বাদীর সাক্ষ্যগ্রহণ শেষে ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী সোমবার (২৩ আগস্ট) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করতে জয়কৃষ্ণপুর এলাকায় তার বাবার বাড়ি আসেন সাবেক স্বামী। ওই সময় দেলোয়ার হোসেন ওরফে দেলু নামে স্থানীয় এক ব্যক্তি লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তোলেন। পরে ওই নারীকে নির্যাতন শেষে বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণ করেন। এরপর গত ৪ অক্টোবর সেই ভিডিওচিত্র ফেইসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় দু’দিন পর ৬ অক্টোবর ১৪ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেন ওই নারী।
