পদ্মায় তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ব্যক্তিগত যানবাহন, যাত্রীবাহী বাস এবং জরুরি পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এ নৌরুটে বাড়তি যানবাহনের চাপ পড়েছে। ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
এদিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে পাঁচ কিলোমিটার এলাকায় ট্রাকের দীর্ঘ সারি হয়েছে। দৌলতদিয়া ঘাটে ফেরিতে পারাপারের জন্য ট্রাকগুলোকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এভাবে রাখা হয়েছে।
গতকাল সকাল থেকে দেখা যায়, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকাগামী ট্রাকগুলোও এ রাস্তায় পারাপারের জন্য সিরিয়ালে রাখা হচ্ছে। ট্রাকের সিরিয়াল আলীপুর ইউনিয়নের আলাদীপুর পর্যন্ত পৌঁছেছে। ট্রাকের চালক ও সহকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ঘাটে ১৭টি ফেরি চলাচল করছে। তবে স্রোতের কারণে পারাপার হতে বেশি সময় লাগছে। এছাড়া বাংলাবাজার রুটের গাড়ি এদিকে আসছে। যার ফলে পারের অপেক্ষায় থাকা গাড়ির সারি বাড়ছে।
