লাল গামছা উড়িয়ে ট্রেন থামিয়ে ৩০০ যাত্রীর প্রাণ বাঁচালেন যুবক

আপডেট : ২০ আগস্ট ২০২১, ১০:১৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রেললাইন ভাঙা দেখে লাল গামছা উড়িয়ে প্রায় ৩০০ যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন এক যুবক।

রেললাইনে প্রায় আট ইঞ্চি জায়গা ভাঙা দেখতে পান উপজেলার কোকতারা গ্রামের যুবক শফিকুল ইসলামের (২৮)।

শুক্রবার সকালে সেখান দিয়ে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস যাচ্ছিল। শফিকুল তখন তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় লাল গামছা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন।

পরে, রেলওয়ে কর্তৃপক্ষ লাইনের ভাঙা অংশটি মেরামত করার পর ট্রেনটি দুই ঘন্টা পর স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়।

পাঁচবিবি স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে পাচঁবিবি ষ্টেশনের অদুরে এ ঘটনা ঘটে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তখন ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল।

তিনি আরও জানান, এতে দুই ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল এবং ভাঙা লাইন মেরামতের পর সকাল ১০টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

পঞ্চগড় এক্সপ্রেসের চালক বলেন, “ট্রেনটি ৮০ কিলোমিটার গতিতে ছিল। ওই যুবককে লাল গামছা নাড়াতে দেখে সঙ্গে সঙ্গে আমি ট্রেন থামানোর সিদ্ধান্ত নেই। পরে, সেখানে নেমে লাইনে প্রায় আট ইঞ্চির মতো ভাঙা দেখেতে পাই। ভাঙা লাইনের উপর দিয়ে ট্রেন চালালে মারাত্মক দুর্ঘটনা হতে পারত।”

ট্রেন রক্ষাকারী যুবক শফিকুল ইসলাম জানান, সকালে তিনি বাসার কাছে রেললাইনের আশপাশে হাঁটাহাটি করছিলেন। সে সময় তিনি রেললাইনের ভাঙা অংশটি দেখতে পান। হঠাৎ ট্রেন আসতে দেখে তাৎক্ষনিকভাবে তিনি বাসায় গিয়ে লাল গামছা এনে নাড়তে শুরু করেন। এতে ট্রেনের চালক লাইনের ভাঙা অংশের একটু আগে ট্রেনটি থামাতে সক্ষম হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত