মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। ফলে দেশটিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটল। গতকাল শনিবার দেশটির রাজা নতুন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। গত ১৬ আগস্ট মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।
এর আগে মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদে সিনিয়র সুরক্ষামন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইসমাইল সাবরি। ২০০৮ সালে তিনি আবদুল্লাহ আহমদ বাদাবির অধীনে যুব ও ক্রীড়ামন্ত্রী নিযুক্ত হন এবং এক বছর পরে নাজিব রাজাকের অধীনে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য, সমবায় এবং ভোগবাদ মন্ত্রী করা হয়। ২০১৫ সালে গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ২০১৩ সালে তাকে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পমন্ত্রী করা হয়েছিল। চলতি সপ্তাহে মুহিউদ্দিন ইয়াসিনের সরকার ভেঙে পড়ে।
