নিউজিল্যান্ড সিরিজ দিয়ে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজে অনুপস্থিত তামিম ইকবাল। কথা ছিল ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ফিরবেন। কিন্তু ইংল্যান্ডের সিরিজ পিছিয়ে যাওয়ায় বিশ্বকাপের আগে তামিমের ম্যাচ প্রস্তুতি হচ্ছে না। হাঁটুর ইনজুরি থেকে ফিরেই এতদিন পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চে নেমে যাওয়া কতটা কঠিন হবে তামিমের জন্য? বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের কাছে এই চ্যালেঞ্জ তামিমের জন্য কঠিন কিছু না। তামিমকে সেরা অবস্থাতেই ফিরতে দেখছেন তিনি, ‘না, আমি সংশয় দেখছি না। যেহেতু প্রতিষ্ঠিত খেলোয়াড় ও খুব ভালো খেলোয়াড়। ও ফিট থাকলে কোনো চিন্তার বিষয় নয়। ও থাকলে আমাদের জন্য তো ভালো। তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে ও তো খেলবেই। ও দলের সঙ্গে থাকবে। ওর সমস্যা ইনজুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সঙ্গে নিয়মিত নির্বাচকরা কথা বলছেন। এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছেন। আশা করছি ফিট হয়ে যাবে।’
×
