৫২ দিনে সর্বনিম্ন ১২০ মৃত্যু, শনাক্ত ১৬.৭১%

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৫:১৬ এএম

করোনাভাইরাসের সংক্রমণে দেশে মৃত্যু কমছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এটি গত ৫২ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এর আগে সর্বশেষ গত ৩০ জুন এর চেয়ে কম ১১৫ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ২৫ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯১ জন; যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৫ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ১ আগস্ট থেকে করোনা সংক্রমণের হার কমতে শুরু করে। এর আগের দিন ৩১ জুলাই পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ২৪ শতাংশ। পরদিন তা কিছুটা কমে দাঁড়ায় ২৯ দশমিক ৯৭ শতাংশ। এরপর থেকেই দৈনিক শনাক্ত হার কমতে থাকে। সর্বশেষ ২২ দিন পর গত ২৪ ঘণ্টায় এই হার আরও কমে ১৬ দশমিক ৭১ শতাংশে নেমে আসে। অর্থাৎ গত ২২ দিনে সংক্রমণের হার ১৪ শতাংশ কমেছে।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। গতকাল নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। এ নিয়ে দেশে নমুনা পরীক্ষা হলো ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। মৃত ১২০ জনের মধ্যে পুরুষ ৬৯ ও ৫১ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৪০, চট্টগ্রাম বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ৯, খুলনা বিভাগে ১৫, বরিশাল বিভাগে ৩, সিলেট বিভাগে ১৩, রংপুর বিভাগে ৭ এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৭, বেসরকারি হাসপাতালে ২২ এবং বাড়িতে ১ জন মারা যান।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৪, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫০, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৪, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ ও ৯১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ১৩৪ ও আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৮৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩ লাখ ৫২ হাজার ৯৭৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৪৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭০ হাজার ৫৪০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত