নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিলল করোনা রোগীর লাশ

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৫:৩১ এএম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় হাসপাতাল থেকে নিখোঁজের পাঁচ দিন পর সোনামিয়া ফকির (৭০) নামে এক করোনা রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিকশাচালক সোনামিয়া উপজেলার পূর্ব আড়াচন্ডি ঠান্ডার মোড় এলাকার মৃত আমির ফকিরের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ জানায়, গত ১০ আগস্ট অ্যান্টিজেন পরীক্ষায় সোনামিয়ার করোনা পজিটিভ হয়। এরপর তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপাশের একটি পরিত্যক্ত ডোবায় সোনামিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সোনামিয়ার ছেলে আবদুর রহমান ফকির বলেন, ‘গত ১০ আগস্ট সকালে বাবাকে হাসপাতালের তৃতীয় তলার করোনা কেবিনে ভর্তি করি। সর্বশেষ ১৬ আগস্ট রাত ১১টার দিকে বাবাকে দেখে আসি। এরপর থেকে বাবা নিখোঁজ। হাসপাতাল থেকে কীভাবে রোগী নিখোঁজ হয়, আমি জানি না। আজ (গতকাল) তার লাশ পাওয়া গেল। বাবার শরীরে ধারালো অস্ত্রের কয়েকটি দাগ রয়েছে। আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রোমান বাদশাহ বলেন, ‘সোনামিয়া করোনায় আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় পরিবার তার কোনো খবর নেয়নি। এ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। হঠাৎ তিনি নিখোঁজ হলেন। আজ তার লাশ পাওয়া গেল।’

জাজিরা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুল হক জানান, লাশের শরীরে বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত