আ.লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১০:০১ পিএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত, বিএনপিরই পায়ের তলায় মাটি নেই।

রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে’ মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত।’

তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে ২০০৯ সালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘এর পরের নির্বাচনগুলোতেও বিএনপি অংশগ্রহণ করেছিল এবং কী ফলাফল হয়েছে সেটি আপনারা জানেন এবং দেখছেন। বিএনপি প্রধান বিরোধী দলের আসনেও বসতে পারে নাই।’

তিনি বলেন, “আসলে পায়ের তলার মাটি সরে গেছে বিধায়ই বিএনপির ফখরুল সাহেবের কথাবার্তা ‘খালি কলসি বাজে বেশি’র মতো। কথা বলার মধ্যেই তাদের রাজনীতি সীমাবদ্ধ হয়ে গেছে।”

এ সময় বরিশালের বিষয় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বরিশালের বিষয়টা একান্ত স্থানীয়। সেখানে তড়িৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তদন্তে বেরিয়ে আসবে আসলে কী ঘটনা ঘটেছিল। তার আগে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

পরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত