বিটিআরসির গণশুনানি

গ্রাহকদের বিস্তর অভিযোগ সমাধানের আশ্বাস

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:৩৮ পিএম

মোবাইল অপারেটরগুলোর সেবা নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) গণশুনানিতে বিস্তর অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। দেশে মোবাইল অপারেটররা তরঙ্গ বাড়ার পাশাপাশি অধিকাংশ টাওয়ার ফোরজিতে রূপান্তরের দাবি জানালেও গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যা ও ইন্টারনেটে ধীরগতির অভিযোগ আনেন। এছাড়া অতিরিক্ত টাকা কেটে নেওয়া, কলড্রপ, এমএনপি সেবায় ভোগান্তি ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নিয়েও অভিযোগ করেছেন তারা।

২০১৬ ও ২০১৯ সালের গণশুনানিতেও প্রায় একই ধরনের অভিযোগ এসেছিল। গতকালের শুনানিতে ২০১৯ সালের গণশুনানির ২৫টি প্রশ্নের বিষয়ে অগ্রগতি তুলে ধরে ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, ২০১৯ সালের গণশুনানিতে আসা ২৫ অভিযোগের ৬০ শতাংশের সমাধান হয়েছে। এরমধ্যে আংশিক সমাধান ও চলমান প্রক্রিয়ায় রয়েছে ৪০ শতাংশ।

গতকাল ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই গণশুনানিতে মোবাইল ফোন অপারেটরদের সেবায় অনেক অভিযোগের তাৎক্ষণিক সমাধানের উপায় যেমন বাতলে দিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা, তেমনি কিছু বিষয়ে সমাধানের আশ্বাসও দিয়েছেন তারা। গ্রাহকরা ভার্চুয়াল মাধ্যমে প্রশ্ন করলে বিটিআরসি কর্মকর্তারা সংস্থার সম্মেলন কক্ষ থেকে এগুলোর জবাব দেন।

দুপুর ২টা থেকে প্রায় তিন ঘণ্টার এই গণশুনানিতে নানা প্রশ্ন ও অভিযোগ শুনে গণশুনানি কমিটির সভাপতি বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, আমরা অনেক ধরনের অভিযোগের কথা শুনলাম। কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে। আমরা সব সময় সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। খুব বেশি কথা বলতে চাই না, সব তথ্য নিয়েই সব বিষয়ে কথা বলব। আমরা চাই ভুলগুলো ধরিয়ে দিন আমরা সেগুলো সমাধান করব।

গতকালের গণশুনানিতে ২৬টির বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়। এতে অংশ নিতে ইচ্ছুকরা আগে থেকেই অনলাইনে নিবন্ধিত ছিলেন।

তানজিল হাসান নামে একজন গ্রাহক জানতে চেয়েছেন ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বৃদ্ধি এবং অসহনীয় কলড্রপের প্রতিকারের বিষয়ে। জবাবে কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল কবির বলেন, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটররা প্রতি জেলায় পয়েন্ট অব প্রেজেন্স (পপ) বসালে ব্রডব্যান্ড সেবার গতি বাড়বে এবং  কলড্রপ ২ শতাংশের বেশি হলে তা গ্রাহককে ফেরত দিতে অপারেটরদের প্রতি নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

নেটওয়ার্ক দুর্বলতার কারণে টেলিটকের কল এবং ডাটা ব্যবহার করা যায় না বলে অভিযোগ করেন শরীফুল ইসলাম নামে এক গ্রাহক। জবাবে বিটিআরসি চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার বলেন, টেলিটকের মান উন্নয়নে সরকার ইতিমধ্যে ২ হাজার ২০৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন এবং এটি বাস্তবায়ন হলে সেবার মান বাড়বে।

অবৈধ ফোন বন্ধের বিষয়ে আবুল আযম নামে এক গ্রাহকের প্রশ্নের জবাবে স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রি. জে. মো. শহীদুল আলম জানান, বিভিন্ন উপায়ে দেশে অবৈধ সেট আসছে বিধায় ন্যাশনাল আইডেনটিটি ইকুইপমেন্ট রেজিস্টার করা হয়েছে। প্রতিদিন ১ লাখের বেশি সেট এনইআইআর-এ যুক্ত হয়, যার মধ্যে ৩০ ভাগ অবৈধ হ্যান্ডসেট। অক্টোবরে এনইআইআরের পরীক্ষামূলক সেবা বন্ধ হওয়ার পর অবৈধ সেটের বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

গণশুনানিতে সোহাগ কায়সার নামে একজন নম্বর ঠিক রেখে অপারেটর বদলের এমএনপি সেবা নিয়ে ভোগান্তির কথা তুলে ধরে বলেন, এক অপারেটর থেকে অন্য অপারেটরে গেলেও কয়েকদিন পর নেটওয়ার্ক চেঞ্জ হয়, এতে ভোগান্তিতে পড়েছিলাম।

বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেন, অপারেটর বদলে একটি নির্দিষ্ট সময় পরে নেটওয়ার্ক পরিবর্তন হয়। তাও এ বিষয়ে খোঁজ নেওয়া হবে গ্রাহকদের অসুবিধা হচ্ছে কি না।

চাঁদপুর থেকে নিয়ামুল ইসলাম অভিযোগ করে বলেন, টাওয়ারের এক কিলোমিটারের মধ্যে থেকেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বিভিন্ন অপারেটরের। এ বিষয়ে টেলিটককে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। এ বিষয়ে বিটিআরসি কর্মকর্তারা জানান, নেটওয়ার্ক সম্প্রসারণে অপারেটররা কাজ করছে, নতুন টাওয়ার লাইসেন্স দেওয়া হয়েছে এবং তারা অপারেশনে গিয়েছে।

কলড্রপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিটিআরসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী কলড্রপ সীমার মধ্যেই রয়েছে, বিষয়টি সব সময়ই আমরা নজরদারিতে রাখি।

ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণের প্রতিষ্ঠান ‘ওকলা’ থেকে প্রকাশিত সূচকে ইন্টারনেট গতিতে বাংলাদেশ ১৩৭ দেশের মধ্যে ১৩৫তম। এমন প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব বিটিআরসি চেয়ারম্যান জানান, বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, তারা এ বিষয়টি খতিয়ে দেখবে কীসের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি এ প্রতিবেদন তৈরি করেছে। এর সম্পূরক উত্তর হিসেবে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক নাসিম পারভেজ স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে অষ্টম মর্মে সবাইকে অবহিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত