বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

শতাধিক অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটার উধাও

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০২:১২ এএম

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে ৪৪টি অক্সিজেন সিলিন্ডার এবং ৭৫টি অক্সেজন ফ্লো মিটার (অক্সিজেন পরিমাপের যন্ত্র) উধাও হয়ে গেছে। গত ১ আগস্ট থেকে পাওয়া না গেলেও বিষয়টি জানাজানি হয় গত শনিবার। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের স্টোর অফিসার অনামিকা ভট্টাচার্য সম্প্রতি হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটারের (অক্সিজেন পরিমাপের যন্ত্র) তালিকা তৈরি করেন। তাতে ৪৪টি অক্সিজেন সিলিন্ডার ও ৭৫টি ফ্লো মিটার কম পাওয়া যায়। পরে এগুলোর আর হদিস পাওয়া যায়নি। বিষয়টি তিনি হাসপাতাল পরিচালককে জানালে এ ঘটনায় ওয়ার্ড মাস্টার মশিউর আলমকে তাৎক্ষণিকভাবে বদলি করে হাসপাতাল কর্র্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানায়, সরকারিভাবে সরবরাহ করা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান পাওয়া সিলিন্ডারসহ এই হাসপাতালের মোট ৬২৮টি অক্সিজেন সিলিন্ডার থাকার কথা। করোনাকালে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এসব অক্সিজেন সিলিন্ডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই মাস জুড়ে এই হাসপাতালের ৩০০ ওয়ার্ডের করোনা ইউনিটে প্রতিদিন সাড়ে ৩০০ থেকে ৪০০ রোগী থাকতেন। এদের প্রায় ৭০ ভাগেই কৃত্রিম অক্সিজেন প্রয়োজন হতো।

সূত্র জানায়, গত ১ আগস্ট থেকেই হাসপাতালের করোনা ইউনিট থেকে এসব সিলিন্ডার ও ফ্লো মিটারগুলো উধাও হয়ে যায়। এতদিন বিষয়টি গোপন ছিল। এরপর এসব সিলিল্ডার উদ্ধারে চেষ্টা চালায় হাসপাতাল কর্র্তৃপক্ষ। কিন্তু তার হদিস মেলেনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তের জন্য হাসপাতালের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটার কেন পাওয়া যাচ্ছে না সে বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। আমরা আশঙ্কা করছি এই সংখ্যা আরও বেশি হতে পারে। যে কারণে হাসপাতালের উপ-পরিচালক আবদুর রাজ্জাককে প্রধান ও করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক মনিরুজ্জামান শাহীনকে সদস্য সচিব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবদুর রাজ্জাক করোনায় আক্রান্ত হয়েছেন। কমিটির বাকি সদস্যরা কাজ করছেন। আমরা আশা করছি, এই সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে এবং তাতে প্রকৃত ঘটনা উঠে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত