অ্যাস্ট্রাজেনেকা

জাপান থেকে ৬ লাখ টিকা আসতে পারে ২৮ আগস্ট

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০২:৪১ এএম

বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আগামী ২৮ আগস্ট দেশে আসতে পারে। এই চালানে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা আসবে। এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

তিনি বলেন, বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকা ২৮ আগস্ট সরবরাহের পরিকল্পনা করা হচ্ছে। এতে আরও ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা সরবরাহের পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশকে জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ।

এর আগে গত ২৪ ও ৩১ জুলাই এবং ৩ আগস্ট জাপান সরকার কোভ্যাক্স সুবিধার আওতায় করোনার টিকা পাঠিয়েছে। এখন পর্যন্ত মোট ২৪ লাখ ২৪ হাজার ৭০০ ডোজ টিকা জাপান থেকে বাংলাদেশে এসেছে।

দেশে এসেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৩০০ ডোজ:

এরও আগে গত ২৫ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা টিকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ আসে। কেনা টিকার দ্বিতীয় চালান ২৩ ফেব্রুয়ারিতে আসে ২০ লাখ ডোজ। আর ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি ২০ লাখ ডোজ এবং ২৬ মার্চ ১২ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে। এছাড়া কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং ৩ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা এসেছে। এ নিয়ে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৩০০ ডোজ টিকা এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত