কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের পরিবারের জন্য একটি ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা অনুদান মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার ফেইসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। এই অনুদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী লিখেছেন, ‘এই অনুদান বরাদ্দ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
গত ২২ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ফুটবার ও সংগঠক বাদল রায়।
২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের। এরপর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন বাদল রায়। ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার। ক্লাব ফুটবলে বলতে গেলে মোহামেডানের ঘরের ছেলে ছিলেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেন সাদা-কালে শিবিরে। দলটির হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা। মোহামেডানের অধিনায়কত্বও করেছেন তিনি।
