‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’: সাকিবকে নিয়ে কলকাতার ভিডিও

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৮:২৮ পিএম

সাকিব আল হাসানকে নিয়ে দারুণ একটা ভিডিও প্রকাশ করেছে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। ২৯ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে, ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’। যার বাংলা অর্থ- ‘ভাগো ভাগো, বাঘ আসল’।

ভিডিওটি তৈরি করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিবের অনুশীলনের বিভিন্ন অংশ দিয়ে। ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকেও ছিল ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’ ছন্দ।

এ বছরের আইপিএলে সাকিব খেলছেন কলকাতার হয়ে। ২৯টি ম্যাচ হওয়ার পর করোনার কারণে আসরটি স্থগিত হয়ে যায়। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসরের বাকি অংশ। যেখানে খেলবেন সাকিবও।

এবারের আসরের জন্য নিলাম থেকে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। স্থগিত হওয়ার আগে কলকাতার যে ম্যাচগুলো হয়েছিল, তার তিনটিতে খেলার সুযোগ পান সাকিব।

তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান এবং বল হাতে মাত্র দুই উইকেট নেন তিনি। পারফরম্যান্স খারাপ থাকায় পরের চার ম্যাচে একাদশের বাইরে ছিলেন।

আসরে সাকিবের দলের অবস্থাও নড়বড়ে। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে সাকিবের কলকাতা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত